সাড়ে ৪৮ লাখ টাকা ছিনতাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ী পারিজাত এলাকায় প্রকাশ্যে অস্ত্রের মুখে দুর্বৃত্তরা সাড়ে ৪৮ লাখ টাকা ছিনতাই করে নিয়ে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে কোনাবাড়ী পারিজাত এলাকার গ্রিন লাইন লিমিটেড নামের একটি পোশাক কারখানা রয়েছে। কারখানাটির হিসাবরক্ষণ ও প্রশাসন বিভাগের কর্মকর্তারা সকালে আইএফআইসি ব্যাংকের কোনাবাড়ী শাখা থেকে ৪৮ লাখ ৫০ হাজার টাকা তুলে মাইক্রোবাসে করে কারখানায় ফিরছিলেন। পারিজাত আমতলা এলাকায় পৌঁছালে ছিনতাইকারীরা তিনটি মোটরসাইকেল নিয়ে গাড়িটি থামায়। এরপর তারা অস্ত্রের মুখে ভয় দেখিয়ে টাকার ব্যাগ নিয়ে দ্রুত পালিয়ে যায়। ঘটনার সময় দুর্বৃত্তরা ফাঁকা গুলি ছুড়ে আতঙ্ক তৈরি করে।
জয়দেবপুর থানার কোনাবাড়ী পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম বলেন, অন্য সময় ব্যাংক থেকে টাকা তোলার ক্ষেত্রে কারখানা কর্তৃপক্ষ পুলিশের সহযোগিতা চাইত এবং তাদের নিজস্ব নিরাপত্তা থাকত। গতকাল কারখানা কর্তৃপক্ষ বিষয়টি পুলিশকে জানায়নি। এমনকি তাদের নিজস্ব নিরাপত্তাকর্মীও ছিল না।
এ ব্যাপারে চেষ্টা করা হলেও কারখানা কর্তৃপক্ষের বক্তব্য পাওয়া যায়নি।