সাড়ে ৮টায় অফিস কিন্তু সাড়ে ৯টায়ও আসেননি তাঁরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তাঁদের অফিসে উপস্থিত হওয়ার কথা সকাল সাড়ে ৮টায়। কিন্তু ৯টা ২৫ মিনিট পর্যন্ত কর্মস্থলে আসেননি ১৬ জন চিকিৎসক ও কর্মচারী।

গতকাল বুধবার পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে গিয়ে এমন চিত্র দেখতে পেয়েছেন জেলা সিভিল সার্জন আজিজুর রহমান সিদ্দিকী। প্রথম আলোকে তিনি এ কথা জানিয়েছেন।

স্বাস্থ্য কমপ্লেক্স সূত্র জানায়, সকাল ৯টা ২৫ মিনিটে স্বাস্থ্য কমপ্লেক্সে এসে পৌঁছান সিভিল সার্জন। এরপর তিনি ৮ মিনিট স্বাস্থ্য কমপ্লেক্সে অবস্থান করেন। এ সময় তিনি ফোনে উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা শফিকুল ইসলামের সঙ্গে কথা বলে অনুপস্থিতির কারণ সম্পর্কে জানতে চান। পরে তিনি কমপ্লেক্স ছেড়ে যান।

জেলা সিভিল সার্জন আজিজুর রহমান সিদ্দিকী বলেন, ‘আমি বান্দরবানে দাপ্তরিক কাজে যাওয়ার সময় পটিয়া স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করি। কিন্তু সাড়ে ৯টার সময়ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তাসহ আটজন চিকিৎসক ও আট কর্মচারীকে কর্মস্থলে পাইনি।’ তিনি বলেন, ‘তাঁদের সবাইকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হবে। এ ছাড়া লিখিত জবাবের বাইরে সশরীরে এসে আমার কাছে ব্যাখ্যা করতে হবে, তাঁরা কেন বিলম্বে কর্মস্থলে উপস্থিত হন।’

সিভিল সার্জন জানান, আগামীকাল (আজ বৃহস্পতিবার) কারণ দর্শানোর নোটিশ দেওয়া হবে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা শফিকুল ইসলাম বলেন, গাড়ি পেতে দেরি হওয়ায় তিনিসহ কয়েকজন চিকিৎসকের কর্মস্থলে আসতে দেরি হয়েছে। এ ছাড়া পাঁচজন চিকিৎসক ছুটিতে ছিলেন।