সাড়ে ৯ কেজি স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের টেকনাফ পৌরসভা এলাকার জুয়েলারি প্রতিষ্ঠান মং মং সেন স্বর্ণকার ও প্রতিষ্ঠানটির মালিক মং মং সেনের বাড়িতে শুক্রবার দিবাগত রাত তিনটা থেকে শনিবার রাত আটটা পর্যন্ত অভিযান চালিয়ে সাড়ে ৯ কেজি চোরাই স্বর্ণালংকার জব্দ করা হয়েছে। আটক করা হয়েছে মালিক মং মং সেন ওরফে মমসীকে (৪৫) । 

বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) তথ্য অনুযায়ী, অভিযানে সাড়ে ৯ কেজি (৮১৬ ভরি) স্বর্ণালংকার ছাড়াও নগদ বাংলাদেশি ৪২ লাখ ৫৮ হাজার ৭৬৭ টাকা, মিয়ানমারের ৫২ হাজার ৫০০ কিয়াত মুদ্রা ও ৩১টি ভারতীয় রুপি (পুরোনো কয়েন) জব্দ করা হয়েছে। এসব স্বর্ণালংকারের কোনো রকম বৈধ কাগজপত্র দেখাতে না পারায় সেগুলো জব্দ করা হয়। উদ্ধার করা স্বর্ণালংকারের মূল্য তিন কোটি ২৬ লাখ ৬৫ হাজার টাকা।

এক সংবাদ সম্মেলনে বিজিবির ৪২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আবুজার আল জাহিদ বলেন, গোপন তথ্যের ভিত্তিতে তাঁর নেতৃত্বে টেকনাফ পৌরসভার চৌধুরীপাড়ার মং মং সেন ওরফে মমসী বাড়িতে অভিযান চালায়। অভিযানে থানা-পুলিশের উপপরিদর্শক (এসআই) মুফিজুল ইসলাম, সেফায়েত হোসেন, আবদুল গোপরান ও আনসার সদস্যরা সঙ্গে ছিলেন। মমসীসহ সোনা চোরাচালান ও ইয়াবা ব্যবসার সঙ্গে জড়িত থাকার খবরের ভিত্তিতে অভিযান চালানো হয়। ভোর তিনটা থেকে পরদিন রাত আটটা পর্যন্ত ১৭ ঘণ্টা অভিযান চালানো হয়। আটক ব্যক্তিকে পুলিশে সোপর্দ করা হলেও উদ্ধার করা স্বর্ণালংকার টেকনাফ কাস্টমস শুল্ক বিভাগে জমা দেওয়া হয়েছে। এ ঘটনায় বিজিবি বাদী হয়ে মামলার প্রক্রিয়া চলছে।

নিজেদের বাড়ির নিচতলায় জুয়েলারি দোকান করতেন মমসী। ওপরে সপরিবারে থাকেন। সন্তানদের লেখাপড়ার সুবিধার্থে তাঁর স্ত্রী ও দুই ছেলে চট্টগ্রামের সুগন্ধা আবাসিক এলাকায় বসবাস করে।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মজিদ বলেন, বিজিবির সদস্যরা মমসীকে আটক করে পুলিশে সোপর্দ করেছে। এ ব্যাপারে মামলার প্রক্রিয়া চলছে।

সূত্র জানায়, ইয়াবা পাচারে সংশ্লিষ্ট থাকার অভিযোগে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের করা ইয়াবা ব্যবসায়ীর তালিকার মমসীর নাম তিন নম্বর এবং হুন্ডি ব্যবসায়ীর তালিকায় দুই নম্বরে রয়েছে।