সায়েদাবাদের অবৈধ ট্রাকস্ট্যান্ড ওঠেনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গত ১ সেপ্টেম্বর সায়েদাবাদ ট্রাকস্ট্যান্ড উচ্ছেদে বাধা দিয়েছিলেন স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর (ইনসেটে)। তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে কিন্তু ট্রাকস্ট্যান্ডটি উচ্ছেদ হয়নি l প্রথম আলো
গত ১ সেপ্টেম্বর সায়েদাবাদ ট্রাকস্ট্যান্ড উচ্ছেদে বাধা দিয়েছিলেন স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর (ইনসেটে)। তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে কিন্তু ট্রাকস্ট্যান্ডটি উচ্ছেদ হয়নি l প্রথম আলো

সায়েদাবাদের জনপদ মোড়ের অবৈধ ট্রাকস্ট্যান্ডের উচ্ছেদ কার্যক্রম থমকে রয়েছে৷ স্ট্যান্ডের উচ্ছেদ করা একাংশ আবার দখল হয়ে গেছে৷ এতে জনপদ মোড়ে আগের মতোই যানজট সৃষ্টি হচ্ছে৷
গত ১ সেপ্টেম্বর ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রধান সম্পত্তি কর্মকর্তা খালিদ আহমেদের নেতৃত্বে এই অবৈধ ট্রাকস্ট্যান্ড উচ্ছেদ অভিযান চালিয়েছিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু সাঈদ, মামুন সরদার ও খান মোহাম্মদ নাজমুস শোয়েব৷ কিন্তু ডিএসসিসির ৫১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর কাজী হাবিবুর রহমান ও পরিবহনমালিক-শ্রমিকদের বাধায় মাঝপথে তা বন্ধ হয়ে যায়৷ তখন দায়িত্বরত এক ম্যাজিস্ট্রেটকেও শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়৷ এই অভিযোগে ৭ সেপ্টেম্বর হাবিবুর রহমানকে সাময়িক বরখাস্ত করে স্থানীয় সরকার মন্ত্রণালয়৷ হাবিবুর রহমান বাংলাদেশ ট্রাক ও কাভার্ড ভ্যান ড্রাইভার ইউনিয়নের সায়েদাবাদ শাখা সভাপতি৷ এই স্ট্যান্ডে তাঁর ৮ থেকে ১০টি ট্রাক নিয়মিত রাখা হয় বলে জানিয়েছেন স্থানীয় লোকজন৷
এদিকে ট্রাকস্ট্যান্ডের জন্য যাত্রাবাড়ীর আশপাশের এলাকায় ডিএসসিসি বিকল্প ব্যবস্থা করলে সব ট্রাক সরিয়ে নেবেন বলে জানিয়েছে বাংলাদেশ ট্রাক ও কাভার্ড ভ্যান ড্রাইভার ইউনিয়নের সায়েদাবাদ শাখা ও সায়েদাবাদ ট্রাক মালিক সমিতি৷
ডিএসসিসির মেয়র মোহাম্মদ সাঈদ খোকন বলেন, জনপদ মোড়ের এই ট্রাকস্ট্যান্ড সম্পূর্ণ অবৈধ৷ শহরের ভেতর এ ধরনের স্ট্যান্ড রাখা যাবে না৷ স্ট্যান্ডটি উচ্ছেদে শিগগিরই অভিযান চালানো হবে৷ ট্রাকমালিক ও চালকেরা ঢাকা শহরের বাইরে বিকল্প জায়গা পেলে স্ট্যান্ড নির্মাণ করে দেবে ডিএসসিসি৷
গতকাল শনিবার সরেজমিনে দেখা যায়, সায়েদাবাদের জনপদ মোড়ের দক্ষিণ পাশে প্রায় ৮০ শতাংশ খালি জায়গা ও সড়কের ওপর যথারীতি রয়েছে ওই ট্রাকস্ট্যান্ড৷ যাত্রাবাড়ী আইডিয়াল হাইস্কুলের পশ্চিম পাশ থেকে সায়েদাবাদে মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভারে ওঠার পথ পর্যন্ত ওই স্ট্যান্ডে প্রায় দেড় শ ট্রাক রাখা হয়েছে৷ ১ সেপ্টেম্বর উচ্ছেদ করা অংশে নির্মিত সীমানাপ্রাচীরের সামনেও সারিবদ্ধভাবে অর্ধশতাধিক ট্রাক রাখা। সীমানাপ্রাচীর বলতে মাত্র দুই ফুট উঁচু একটি দেয়াল৷ এ ছাড়া স্ট্যান্ডের পেছনে বাংলাদেশ ট্রাক ও কাভার্ড ভ্যান ড্রাইভার ইউনিয়নের সায়েদাবাদ শাখা, মালিক সমিতির কার্যালয়সহ প্রায় ৪০টি বিভিন্ন ধরনের দোকানপাট গড়ে উঠেছে৷ এসব দোকানের ময়লা-আবর্জনায় পুরো এলাকা নোংরা হয়ে রয়েছে৷ ফ্লাইওভারের নিচের সড়কে বাতাসে উড়ছে ধুলাবালি৷
যাত্রাবাড়ীর শহীদ ফারুক সড়কের স্থানীয় বাসিন্দা সাইদুল ইসলাম বলেন, স্ট্যান্ডটির কারণে এই এলাকায় দিনভর যানজট লেগে থাকে। রাতে যানজট আরও কয়েক গুণ বেড়ে যায়। তা ছাড়া ধুলাবালির কারণে আশপাশের বাসাবাড়ি ও ব্যবসা এবং শিক্ষাপ্রতিষ্ঠানের দরজা-জানালা সারা দিনই বন্ধ করে রাখতে হয়৷
ডিএসসিসির সূত্র জানায়, ১ সেপ্টেম্বর উচ্ছেদ অভিযানে স্ট্যান্ড থেকে ৫০ থেকে ৬০টি ট্রাক সরানো হয়। কিন্তু কাউন্সিলর হাবিবুর রহমানের নেতৃত্বে ৩০ থেকে ৪০ জন ট্রাকমালিক ও শ্রমিক উচ্ছেদে ব্যবহৃত বুলডোজারের সামনে দাঁড়িয়ে বিক্ষোভ করেন। পুলিশ, র্যা ব ও আনসার সদস্যরা তাঁদের সরিয়ে দিতে চেষ্টা করেন। একপর্যায়ে তাঁদের মধ্যে ধস্তাধস্তির ঘটনা ঘটে। কিন্তু বড় ধরনের বিশৃঙ্খলার আশঙ্কায় কঠোর ব্যবস্থা নেয়নি ডিএসসিসি। পরে ওই দিন সন্ধ্যায় উচ্ছেদ করা অংশে দুই ফুট উঁচু করে সীমানাপ্রাচীর নির্মাণ করে ডিএসসিসি৷
বাংলাদেশ ট্রাক ও কাভার্ড ভ্যান ড্রাইভার ইউনিয়নের সায়েদাবাদ শাখার সভাপতি রফিকুল ইসলাম বলেন, ডিএসসিসি ট্রাক রাখার বিকল্প ব্যবস্থা করে দিলে তাঁরা সরে যাবেন৷