সিংড়ায় পাঁচ পরিবার ১৮ দিন ধরে একঘরে
সালিসে বিশৃঙ্খলা সৃষ্টির জের ধরে নাটোরের সিংড়া উপজেলার জয়নগর গ্রামের আইয়ুব আলীসহ পাঁচটি পরিবারকে ১৬ দিন ধরে একঘরে করে রেখেছেন গ্রামের মাতাব্বরেরা। নিষেধাজ্ঞা দেওয়ায় এসব পরিবারের তিন শিক্ষার্থী স্কুলে যেতে পারছে না।
এলাকাবাসী ও ভুক্তভোগী পরিবার সূত্র জানায়, আইয়ুব আলীসহ তাঁর পাঁচ ভাইয়ের সঙ্গে জমিজমা নিয়ে ছোট ভাই শরিফুল ইসলামের দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। ১১ আগস্ট বিরোধ নিরসনে স্থানীয় খবির উদ্দিন সরদারের বাড়ির পাশে সালিস বসে। সালিসের একপর্যায়ে আবদুল হান্নানসহ কয়েকজনের কথাবার্তার জের ধরে উভয় পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। ওই দিন বিকেলেই আশরাফ আলী নামের এক ব্যক্তি কয়েকজন মাতাব্বরের নির্দেশে আবদুল হান্নান, আবদুর রহমান, আবদুস সাত্তার, আনছার আলীসহ ওই পাঁচ কৃষক পরিবারের জন্য সরকারি রাস্তায় চলাচল ও তাদের সন্তানদের স্কুলে যাওয়ার ওপর নিষেধাজ্ঞার কথা ঢোল পিটিয়ে গ্রামের বাড়ি বাড়ি জানিয়ে দেন।
ভুক্তভোগী একটি পরিবারের বৃদ্ধা ছালেহা বেওয়া (৬০) বলেন, ‘১৮ দিন ধরে সিদ্ধ ভাত ও বাড়ির শাক-কচু খেয়ে রয়েছি। কয়েকজন মাতব্বরকে ঘুষ না দেওয়ায় আমার পরিবারকে একঘরে করি দিছে। ছেলেরে হাসপাতালে দেখতি যেতে দেয় নাই। ছেলেদের জুম্মার নামাজও পড়ির দেয় না।’
ভুক্তভোগী অন্য একটি পরিবারের দশম শ্রেণি পড়ুয়া শিক্ষার্থী আলো খাতুন, নবম শ্রেণির বিজলী খাতুন ও শিশুশিক্ষার্থী সোমা খাতুন জানায়, তাদের সরকারি রাস্তা দিয়ে স্কুলে যেতে নিষেধ করা হয়েছে। কথা না শুনলে বড় ধরনের ক্ষতি হবে বলে তাদের সতর্ক করে দিয়েছেন সালিসকারীদের একজন আশরাফ আলী। নিরাপত্তাহীনতার অভাবে তারা স্কুলে যাওয়া বন্ধ করে দিয়েছে।
স্থানীয় একটি কিন্ডারগার্টেন স্কুলের শিক্ষক মৌসুমী খাতুন বলেন, তার স্কুলের শিক্ষার্থী সোমা খাতুন তিনটি পরীক্ষায় অংশগ্রহণ করেনি। দুই সপ্তাহ ধরে সে স্কুলেও আসে না।
অভিযুক্ত আবদুল হান্নান একঘরে করে রাখার বিষয়টি অস্বীকার করে বলেন, ‘সালিসে আমাকে পিটিয়ে রক্তাক্ত করা হয়েছে।’
এ বিষয়ে আশরাফ আলীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাঁকে পাওয়া যায়নি। তাঁর মুঠোফোনও বন্ধ পাওয়া গেছে।
স্থানীয় ইউপি চেয়ারম্যান মিনহাজ উদ্দিন বলেন, জমিজমা-সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে তিনি ও সিংড়া পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জান্নাতুল ফেরদৌস ওই সালিসে উপস্থিত ছিলেন। বিরোধ মীমাংসা না হওয়ায় তাঁরা বৈঠক ত্যাগ করেন। পরে ওই গ্রামে কাউকে একঘরে রাখার কোনো ঘটনা তাঁদের কেউ জানাননি।