সিংড়ায় প্রতিপক্ষ আ.লীগ কর্মীকে কুপিয়ে হত্যা
নাটোরের সিংড়া উপজেলায় আওয়ামী লীগের এক পক্ষের হামলায় হান্নান প্রামাণিক (৪০) নামে অপর পক্ষের এক কর্মী নিহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলার ইটালি ইউনিয়নের আগ তিরাইল গ্রামে এ ঘটনা ঘটেছে।
নিহত হান্নান আগ তিরাইল গ্রামের মৃত কাদের প্রামাণিকের ছেলে। সিংড়া উপজেলা পরিষদের উপনির্বাচনকে কেন্দ্র করে বিরোধের জের ধরে তাঁকে কুপিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেছে প্রতিপক্ষ।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, আগামী ১০ নভেম্বর সিংড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপনির্বাচন হবে। এতে আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন সিংড়া পৌর আওয়ামী লীগের সভাপতি শফিকুল ইসলাম। কিন্তু পূর্ববিরোধের জের ধরে তাঁর পক্ষে প্রচারণায় অংশ নেননি উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আরিফুল ইসলামের সমর্থকেরা।
গত সোমবার সকালে আরিফুল ইসলামের সমর্থকেরা আগ তিরাইল গ্রামে শফিকুল ইসলামের কিছু পোস্টার ছিঁড়ে ফেলেন বলে অভিযোগ ওঠে। এ নিয়ে ওই দিন সন্ধ্যায় উভয় পক্ষের মধ্যে এক দফা সংঘর্ষ হয়। এতে আরিফুল ইসলামের নয়জন সমর্থক আহত হন।
আরিফুলের বিরোধী পক্ষ ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি জহুরুল ইসলামের ভাই জাহেদুল ইসলাম অভিযোগ করেন, বুধবার বিকেলে আরিফুল ও তাঁর ভাই উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আতিকুর রহমান তিরাইল গ্রামে এসে সোমবারের ঘটনার প্রতিশোধ নেওয়ার হুমকি দেন। এর জের ধরে গতকাল সকাল আটটার দিকে আরিফুল ইসলামের ৫০-৬০ জন সমর্থক আগ তিরাইল গ্রামে তাঁর (জাহিদুলের) অন্তত ৩৫ জন সমর্থকের বাড়িতে হামলা চালান। হামলাকারীরা এসব বাড়িতে ভাঙচুর ও লুটপাট করেন। এতে অন্তত ১২ জন আহত হন। এ সময় গ্রামের বাসিন্দা হান্নান প্রামাণিককে তিরাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে নিয়ে গিয়ে কুপিয়ে হত্যা করা হয়। আহত ব্যক্তিদের সিংড়াসহ আশপাশের বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা বলেন, খবর পেয়ে অর্ধশতাধিক পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। অতিরিক্ত পুলিশ সুপার মুন্সি সাহাবুদ্দিনের নেতৃত্বে অভিযান চালিয়ে পুলিশ দুপুর ১২টা পর্যন্ত সাতজনকে আটক করে থানায় পাঠায়।
অভিযোগ অস্বীকার করে আরিফুল ইসলাম বলেন, তিনি বা তাঁর সমর্থকেরা কেউ হান্নানকে হত্যা করেননি।
সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন মণ্ডল জানান, পূর্ব বিরোধের জের ধরে ঘটনাটি ঘটেছে। ময়নাতদন্তের জন্য লাশ নাটোর সদর হাসপাতালে পাঠানো হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে কয়েকজনকে আটক করা হয়েছে। কোনো পক্ষই মামলা করেনি। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন আছে।