সিংড়ায় আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে আহত ১০
আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নাটোরের সিংড়ায় দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। আজ সোমবার সকাল ১০টায় সিংড়া উপজেলার দুর্গম পল্লি রাতাল বাজারে এই সংঘর্ষ হয়। আহত লোকজনের মধ্যে ছয়জনকে গুরুতর অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ ও হাসপাতালে এবং বাকিদের সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
সিংড়া থানা সূত্রে জানা যায়, উপজেলার দুর্গম পল্লি রাতাল বাজারে আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে স্থানীয় আওয়ামী লীগের কর্মী ফরিদুল ইসলামের সঙ্গে বিএনপির নেতা আবদুর রশিদ ও তাঁর দুই ভাগনে আওয়ামী লীগের কর্মী সবুজ হোসেন ও শাকিলুর রহমানের মধ্যে বিরোধ চলে আসছিল। আজ সোমবার সকালে স্থানীয় রাতাল বাজারে উভয় পক্ষ দেশীয় বিভিন্ন অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে অন্তত ১০ জন আহত হন। তাঁদের উদ্ধার করে সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে ছয়জনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক বীথি রানী সাহা জানান, আহত ছয়জনের অবস্থা গুরুতর, তাঁদের রাজশাহী মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে। তাঁরা হলেন ফিরোজ হোসেন (৩২), ফরিদুল ইসলাম (৬০), আলী আকবর (২৮), আবদুর রশিদ (৪৫), আবদুস সাত্তার (৪০) ও সাইফুল ইসলাম (৩৭)।
সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন মণ্ডল জানান, ঘটনাস্থল থেকে তিনটি হাঁসুয়া ও দুটি ফালা উদ্ধার করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত।