সিংড়ায় চেয়ারম্যানের বিরুদ্ধে শিক্ষককে পেটানোর অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোরের সিংড়ায় ইউনিয়ন পরিষদের এক চেয়ারম্যান ও তাঁর অনুসারীরা এক শিক্ষককে পিটিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। পাঁচ লাখ টাকা চাঁদার দাবিতে গতকাল শনিবার দুপুরে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন ওই শিক্ষক। তবে অভিযুক্ত চেয়ারম্যান অভিযোগ অস্বীকার করেছেন।

আহত শিক্ষক রফিকুল ইসলামকে সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তিনি স্থানীয় ক্ষিদ্রবড়িয়া উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক। আর তাঁকে পেটানোর অভিযোগ উঠেছে আওয়ামী লীগের চৌগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহেদুল ইসলামের বিরুদ্ধে।

ক্ষিদ্রবড়িয়া উচ্চবিদ্যালয় সূত্রে জানা যায়, গতকাল বেলা একটার দিকে চৌগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহেদুল ইসলাম, জেলা পরিষদের সদস্য ও উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক সালাউদ্দিন আল আজাদ ওরফে ছানা, সাবেক ইউপি সদস্য ও আওয়ামী লীগের কর্মী জায়েদ আলী, আওয়ামী লীগের কর্মী বাবু হোসেনসহ বেশ কয়েকজন লোক লাঠিসোঁটা নিয়ে বিদ্যালয়ে ঢোকেন। তাঁরা প্রধান শিক্ষক ছাড়া অন্য শিক্ষকদের বের হয়ে যেতে বলেন। শিক্ষকেরা বের হয়ে যাওয়ার পর তাঁরা প্রধান শিক্ষক রফিকুল ইসলামকে বেধড়ক মারপিট শুরু করেন। প্রায় পাঁচ মিনিট ধরে মারার পর তাঁরা প্রধান শিক্ষকের দুটি মোবাইল সেট, ব্যাংকের চেক বইয়ের সই করা দুটি পাতা ও নগদ কিছু টাকা কেড়ে নিয়ে চলে যান। পরে অন্য শিক্ষক ও শিক্ষার্থীরা এসে প্রধান শিক্ষককে উদ্ধার করে সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

রাত পৌনে আটটার দিকে রফিকুল ইসলাম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মুঠোফোনে প্রথম আলোকে বলেন, তাঁকে চেয়ারম্যান ও তাঁর লোকজন বেধড়ক পিটিয়েছেন। এতে তাঁর মুখমণ্ডল, পিঠ, দুই হাত ও পায়ে আঘাত পেয়েছেন। ঠোঁট ও বাম পায়ে জখম হয়েছে।

হামলার কারণ সম্পর্কে জানতে চাইলে এই প্রধান শিক্ষক বলেন, শাহীন রেজা নামের স্বেচ্ছাসেবক লীগের এক নেতা চেয়ারম্যানকে ধরে বিদ্যালয়ে শারীরিক শিক্ষার শিক্ষক পদে চাকরি নিয়েছিলেন। শিক্ষা অধিদপ্তরের তদন্তে ওই শিক্ষকের সনদ ভুয়া প্রমাণিত হয় এবং চাকরি চলে যায়। এ কারণে চেয়ারম্যান তাঁর কাছ থেকে পাঁচ লাখ টাকা দাবি করেন। টাকা না দেওয়ায় তাঁকে মারধর করা হয়েছে।

তবে অভিযোগ অস্বীকার করে চেয়ারম্যান জাহেদুল ইসলাম বলেন, তিনি এ ধরনের ঘটনার কথা শোনেননি এবং ঘটনাস্থলে তিনি ছিলেনও না।

সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাসির উদ্দিন মণ্ডল বলেন, তাঁর থানায় ওই প্রধান শিক্ষক কোনো অভিযোগ দেননি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।