সিংড়ায় পানাসি প্রকল্পের ১১২টি গাছ লুট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোরের সিংড়া উপজেলার শুকাস ইউনিয়নের রনবাঘা-বোয়ালিয়া রাস্তার পাশের ১১২টি সরকারি গাছ লুট হয়েছে। স্থানীয় শুকাস ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানের নির্দেশেই গাছগুলো কেটে নেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে।

বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি) ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, গত ১৮ ও ১৯ সেপ্টেম্বর ২০-২৫ জন শ্রমিক বোয়ালিয়া-হাসপুকুরিয়া রাস্তার দুই পাশ থেকে পানাসি (পাবনা-নাটোর-সিরাজগঞ্জ) সেচ প্রকল্পের ১১২টি শিশুগাছ কাটেন।

ওই এলাকার বাসিন্দা ও প্রত্যক্ষদর্শী আমজাদ হোসেন বলেন, তিনি শ্রমিকদের গাছ কাটতে দেখেছেন। ওই সময় গাছ কাটার কারণ জানতে চাইলে শ্রমিকেরা তাঁকে জানান, গাছগুলো শুকাস ইউপির চেয়ারম্যান আজাহারুল ইসলামের নির্দেশে কাটা হচ্ছে।

নাম প্রকাশ না করার শর্তে ওই গাছগুলো কাটার কাজে নিয়োজিত একজন শ্রমিক বলেন, কাটা গাছগুলোর মূল্য প্রায় পাঁচ লাখ টাকা। গাছগুলোর বয়স হয়েছিল প্রায় ১০ বছর। সব গাছই তাজা ছিল। কাটা গাছগুলো তাঁরা রাতে ওমরপুর গ্রামের কাজলের কাঠ মিলের পাশে চিত্তরঞ্জনের দোকানের সামনে রেখে আসেন। তিনি স্থানীয় ওমর আলী নামের একজন কাঠ ব্যবসায়ীর কাজ করেন।

এ বিষয়ে ওমর আলী বলেন, রাস্তার গাছ কাটার জন্য চেয়ারম্যান আজাহারুল ইসলাম তাঁর কাছে শ্রমিক চান। তিনি শ্রমিক দিয়েছেন। গাছগুলো বিক্রি করা হয়েছে বলে তিনি শুনেছেন। তবে কার কাছে বিক্রি করা হয়েছে তা তিনি জানেন না।

গাছগুলো কাটার পর ২০ সেপ্টেম্বর বিএডিসির পানাসি প্রকল্পের সিংড়া উপজেলা সহকারী প্রকৌশলী খলিলুর রহমান থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। তবে গত শনিবার সন্ধ্যায় থানায় খোঁজ নিয়ে জানা যায়, পানাসি কর্তৃপক্ষ গাছ চুরির ব্যাপারে এখনো মামলা করেনি।

এ ব্যাপারে সহকারী প্রকৌশলী খলিলুর রহমান বলেন, ঈদের ছুটির আগে ঘটনাটি ঘটেছে। ওই সময় মামলা করা হয়নি। শিগগিরই মামলা দায়ের করা হবে। গাছগুলোর অবস্থান জানা গেলেও গাছগুলো করাতকলের কাছে কারা রেখে এসেছেন তা না জানার কারণে ডায়েরিতে বিষয়টি উল্লেখ করা হয়নি। তা ছাড়া গাছ উদ্ধারের দায়িত্ব পুলিশের। পুলিশও গাছগুলো উদ্ধারের কোনো তৎপরতা দেখাননি।

সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন মণ্ডল বলেন, পানাসি কর্তৃপক্ষ মামলা না করায় গাছগুলো উদ্ধার করা সম্ভব হয়নি। মামলা হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

ইউপি চেয়ারম্যান আজাহারুল ইসলাম বলেন, রাস্তার কিছু মরা গাছ জনগণের চলাচলের অসুবিধা করছিল। তাই সেগুলো কেটে সংরক্ষণ করা হয়েছে। তবে গাছ কাটার ব্যাপারে যথাযথ কর্তৃপক্ষের অনুমতি নিয়েছিলেন কি না—জানতে চাইলে তিনি কোনো মন্তব্য করেননি।