সিংড়ায় প্রতিপক্ষের হামলায় আ.লীগ কর্মী নিহত
নাটোরের সিংড়া উপজেলার পাঙ্গাশিয়া গ্রামে প্রতিপক্ষের হামলায় আহত নজরুল ইসলাম নামে এক আওয়ামী লীগের কর্মী মারা গেছেন। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তাঁর মৃত্যু হয়। নজরুল ইসলাম পাঙ্গাশিয়া গ্রামের জাকের ফকিরের ছেলে।
সিংড়া থানা সূত্রে জানা যায়, নজরুল ইসলামের সঙ্গে জমিজমা ও এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে প্রতিপক্ষ নাঈমের দীর্ঘদিন ধরেই দ্বন্দ্ব চলে আসছিল।
এর জের ধরে গতকাল বেলা সাড়ে ১১টার দিকে নাঈমসহ সাত-আটজন মিলে নজরুলকে পিটিয়ে আহত করেন। পরে আহত অবস্থায় স্থানীয় ব্যক্তিরা তাঁকে সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যার পর তিনি মারা যান।
সিংড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ওহিদুল হক বলেন, নিহত নজরুল ইসলাম স্থানীয় আওয়ামী লীগের একজন কর্মী।
সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন মণ্ডল নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ নাটোর সদর হাসপাতালে পাঠানো হচ্ছে। মামলার প্রস্তুতি চলছে।