সিংড়ায় বিএনপির শোভাযাত্রায় পুলিশের বাধা
নাটোরের সিংড়া শহরে গতকাল রোববার মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বের হওয়া বিএনপির শোভাযাত্রায় বাধা দিয়েছে পুলিশ। এ সময় পুলিশের সঙ্গে বিএনপির নেতা-কর্মীদের ধাক্কাধাক্কি ও বাগ্বিতণ্ডা হয়েছে।
উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মজিবুর রহমান ও পৌর বিএনপির সভাপতি সাবেক মেয়র শামীম আল রাজী বলেন, দিবসটি উপলক্ষে উপজেলা বিএনপি ও পৌর বিএনপির আয়োজনে উপজেলা বিএনপির কার্যালয় থেকে শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি কার্যালয় থেকে বের হতেই বাধা দেয় পুলিশ। এ সময় শামিম আল রাজীর সঙ্গে পুলিশের তর্কবিতর্ক ও ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। পুলিশ ব্যানারও ছিনিয়ে নেয়। পরে দলীয় কার্যালয়ে প্রতিবাদ সভা হয়। এতে বক্তব্য দেন উপজেলা বিএনপির (ভারপ্রাপ্ত) সভাপতি খান মো. আলী আজগার, সম্পাদক মুজিবর রহমান, পৌর বিএনপির সভাপতি শামীম, সম্পাদক অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম প্রমুখ।
সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল মামুন বলেন, জাতীয় দিবসের অনুষ্ঠানের পাশে বিএনপি মিছিল বের করার চেষ্টা করছিল। এতে অপ্রীতিকর ঘটনা ঘটতে পারত। এ ছাড়া পূর্ব অনুমতি না নেওয়ায় মিছিলে বাধা দেওয়া হয়েছে।
এদিকে নাটোর শহরে দেড় থেকে দুই হাজার নেতা-কর্মী নিয়ে স্বাধীনতা দিবসের শোভাযাত্রা করেছে জেলা বিএনপি। সকালে জেলা বিএনপির আলাইপুরের অস্থায়ী কার্যালয় থেকে স্বাধীনতা দিবসের শোভাযাত্রা বের করা হয়। পরে দলীয় কার্যালয়ে সমাবেশ হয়। বক্তব্য দেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক আমিনুল হকসহ অন্য নেতারা।