চট্টগ্রামে জামায়াত-শিবিরের ডাকা হরতালে পুলিশের ওপর ককটেল হামলার অভিযোগে দায়ের করা মামলায় সিআইডির এক কর্মকর্তার ছেলেকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তার হওয়া পারভেজ আশরাফ ওরফে পিয়াসের (২২) বাবা আবুল কালাম আজাদ পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) চট্টগ্রাম অঞ্চলের উপপরিদর্শক (এসআই) হিসেবে কর্মরত।
হালিশহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজাহান কবির প্রথম আলোকে বলেন, পারভেজ আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান বিভাগের ছাত্র। গত বুধবার গভীর রাতে চট্টগ্রাম নগরের হালিশহর কে ব্লক এলাকার একটি দোকানে আড্ডা দেওয়ার সময় তাঁকে গ্রেপ্তার করা হয়। গত বছরের ২৩ নভেম্বর জামায়াত-শিবিরের ডাকা হরতালে হালিশহর এলাকায় পুলিশের ওপর ককটেল ছুড়েছিলেন পারভেজসহ জামায়াত-শিবিরের কর্মীরা। ওই ঘটনার ভিডিও ফুটেজ দেখে পুলিশ পারভেজকে শনাক্ত করে।
ওসি বলেন, চলমান হরতাল-অবরোধেও নগরে ককটেল বিস্ফোরণসহ বিভিন্ন নাশকতামূলক কর্মকাণ্ডের সঙ্গে পারভেজ জড়িত বলে পুলিশের কাছে তথ্য আছে। পুলিশ নিশ্চিত হয়েছে যে তিনি শিবিরের সক্রিয় কর্মী। হালিশহর থানার মামলায় বৃহস্পতিবার বিকেলে তাঁকে আদালতে হাজির করা হয়। আদালত পারভেজকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। তিনি জানান, পারভেজকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডে নেওয়ার আবেদন করা হবে।
সিআইডির এসআই আবুল কালাম আজাদ বলেন, ‘অভিযোগের ভিত্তিতে পুলিশ আমার ছেলেকে গ্রেপ্তার করেছে। আমার ছেলে কোনো দলের রাজনীতির সঙ্গে জড়িত নয়। তদন্তে বোঝা যাবে সে দোষী, নাকি নির্দোষ।’