সিআইডি পরিদর্শককে শোকজ
চট্টগ্রামে আদালতের নির্দেশ অমান্য করে সোনা চোরাচালান মামলার এক আসামিকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার অভিযোগে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) চট্টগ্রামের এক পরিদর্শককে শোকজ করেছেন আদালত। তাঁর নাম মিতশ্রী বড়ুয়া।
গতকাল বুধবার বিকেলে চট্টগ্রামের ভারপ্রাপ্ত জেলা ও দায়রা জজ জগলুল হোসেন এই আদেশ দেন। আজ বৃহস্পতিবার ওই কর্মকর্তাকে আদালতে সশরীরে হাজির হয়ে কারণ ব্যাখ্যা দিতে বলেছেন আদালত।
আসামির আইনজীবী প্রবীর ধর প্রথম আলোকে বলেন, লোহাগাড়া থানার সোনা চোরাচালানের মামলার আসামি সুজন ধরকে জিজ্ঞাসাবাদ করতে মিতশ্রী বড়ুয়া আবেদন করলে বিচারিক হাকিম কুদরত-ই-এলাহী দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন গত ১২ নভেম্বর। এই রিমান্ড আদেশ স্থগিত রাখতে আসামির পক্ষে রিভিশন মামলা দায়ের করা হলে ১৭ নভেম্বর তা স্থগিতের আদেশ দেন জেলা ও দায়রা জজ। বিষয়টি লোহাগাড়া থানার জিআরওকে জানালে তিনি মিতশ্রী বড়ুয়াকে বিষয়টি জানান। কিন্তু তার পরও ১৮ নভেম্বর বিকেলে আসামিকে কারাগার থেকে নিয়ে রিমান্ডে জিজ্ঞাসাবাদ শুরু করেন পরিদর্শক মিতশ্রী বড়ুয়া। আদালতের আদেশ অমান্য করায় গতকাল বুধবার জেলা ও দায়রা জজ আদালতে আবেদন করা হয়। শুনানি শেষে বিচারক মিতশ্রী বড়ুয়াকে সশরীরে হাজির হয়ে কারণ ব্যাখ্যা করতে নির্দেশ দেন।