সিআইডির পরীক্ষাগার থেকে আলামতের নথি চুরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর মহাখালীতে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) প্রধান রাসায়নিক পরীক্ষকের কার্যালয়ে বড় ধরনের চুরির ঘটনা ঘটেছে। দুর্গাপূজা ও আশুরার ছুটির সময় ঘটনাটি ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। এতে কী কী জিনিস খোয়া গেছে, সে সম্পর্কে কর্মকর্তারা নিশ্চিত হয়ে কোনো কিছু বলতে পারেননি। তবে চুরির ঘটনা নিয়ে রাজধানীর বনানী থানায় দায়ের করা মামলার এজাহারে বলা হয়েছে, একটি মামলার নথিপত্র, টাকা ও কম্পিউটারের জিনিসপত্র খোয়া গেছে।
সিআইডির রাসায়নিক পরীক্ষাগারের মতো গুরুত্বপূর্ণ স্থানে কী করে চুরির ঘটনা ঘটল, তা নিয়ে কেউ কোনো মন্তব্য করতে রাজি হননি। জানতে চাইলে সিআইডির উপমহাপরিদর্শক সাইফুল আলম প্রথম আলোকে বলেন, ‘চুরি হয়েছে কি না, তা আমার জানা নেই।’
পরীক্ষাগারে চুরির মামলার তদন্ত কর্মকর্তা বনানী থানার উপপরিদর্শক (এসআই) বদিউজ্জামান প্রথম আলোকে বলেন, ‘সিআইডির পরীক্ষাগারে বিভিন্ন মামলার আলামত ছাড়া মূল্যবান আর কোনো জিনিসপত্র থাকে না। আমরা বুঝতে পারছি না কেন চুরি হয়েছে। তবে একটি মামলার আলামত নিয়ে যাওয়ার কারণে মনে হচ্ছে উদ্দেশ্যমূলকভাবে চুরির ঘটনাটি ঘটেছে।’ এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার ও জিনিসপত্র উদ্ধার করা যায়নি বলে তিনি জানান।
পুলিশের অধীনে থাকা দেশের একমাত্র রাসায়নিক পরীক্ষাগারটি সিআইডি নিয়ন্ত্রণ করে। দেশের সব থানা থেকে হত্যা-আত্মহত্যাসহ যাবতীয় মামলার আলামত এই পরীক্ষাগারেই পাঠানো হয়। পরীক্ষাগার থেকে পাওয়া প্রতিবেদন সাক্ষ্য আইন অনুসারে আদালতে উপস্থাপন করা হয়। তবে পরীক্ষাগারটি গুরুত্বপূর্ণ হলেও এর জন্য সিআইডির কোনো নিজস্ব কার্যালয় নেই। দীর্ঘদিন ধরে মহাখালীতে জনস্বাস্থ্য প্রতিষ্ঠান ভবনের দোতলাকে কার্যালয় হিসেবে ব্যবহার করা হয়ে আসছে। সেখানেই বসেন প্রধান পরীক্ষক দিলীপ কুমার সাহা। তবে চুরির ঘটনা ঘটেছে সহকারী রাসায়নিক পরীক্ষক পিংকু পোদ্দারের কক্ষে। বনানী থানায় দায়ের করার মামলারও তিনিই বাদী।
মামলার প্রাথমিক তথ্য বিবরণীতে বলা হয়, সিআইডির রাসায়নিক পরীক্ষকের কার্যালয় ২১ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত বন্ধ ছিল। ২৫ অক্টোবর কার্যালয়টি খোলার পর পিংকু সাহা বাইরে থেকে দেখতে পান, তাঁর কক্ষের ভেতরে চেয়ার ও আসবাবপত্র এলোমেলো অবস্থায় পড়ে আছে। এরপর সিআইডির ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ও বনানী থানার পুলিশকে খবর দেওয়া হয়। পরে তারা দরজা খুলে ভেতরে গিয়ে দেখতে পায়, গত ২১ এপ্রিল মাদারীপুর থানায় দায়ের করা একটি মামলার আলামতসহ একটি কম্পিউটার মনিটর, একটি টিভি কার্ড, ৯৭০ টাকা ও চেয়ারে ব্যবহৃত একটি তোয়ালে চুরি হয়েছে।
চুরি হওয়া মামলার আলামতের নথিপত্র সম্পর্কে জানতে মাদারীপুর জেলার সদর অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) মনিরুজ্জামান ফকিরের সঙ্গে যোগাযোগ করা হলে প্রথম আলোকে তিনি বলেন, জেলার বিসিক শিল্পনগরীতে ভেজাল ভোগ্যপণ্য আটকের পর এই মামলাটি করা হয়। এই মামলার আলামত ও নথি সিআইডিতে পাঠানো হয়েছিল। কোন ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলাটি করা হয়েছে জানতে চাইলে তিনি এ নিয়ে আর কোনো মন্তব্য করতে রাজি হননি।
বনানী থানার পুলিশ জানায়, সিআইডির পরীক্ষাগারটি দীর্ঘদিন ধরে ঢাকা মহানগর পুলিশ পাহারা দিয়েছে। রাতের বেলা সেখানে নিয়মিত পুলিশ থাকত। কিন্তু গত ডিসেম্বর মাসে খালেদা জিয়াকে গৃহবন্দী করে রাখার সময় গুলশান এলাকার সব পুলিশকে ওই বাড়ির সামনে নিয়োজিত করা হয়েছিল। তখন পরীক্ষাগার থেকেও পুলিশ সরিয়ে নেওয়া হয়। এরপর থেকে সেখানে স্থায়ীভাবে না থাকলেও রাতের বেলা টহল পুলিশ এলাকায় পাহারা দিত। সম্প্রতি সেখানে কোনো পাহারা ছিল না বলেও সিআইডির কর্মকর্তারা জানিয়েছেন।
গতকাল বিকেলে পরীক্ষাগারের কাছে গেলে সেখানে দায়িত্বরত নিরাপত্তারক্ষীরা জানান, জনস্বাস্থ্য প্রতিষ্ঠান ভবনের চারদিকে ক্লোজড সার্কিট ক্যামেরা রয়েছে। কিন্তু সিআইডি পরীক্ষাগার এর আওতার বাইরে রয়েছে। সেখানে কেনো ক্যামেরা নেই। আগে থেকেই পরীক্ষাগারের নিরাপত্তাব্যবস্থা এমন ঢিলেঢালা বলে তাঁরা জানান।
এ বিষয়ে জানতে চাইলে বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সালাউদ্দিন খান প্রথম আলোকে বলেন, সেখানে কোনো সিসি ক্যামেরা নেই সেটা ঠিক, তবে কীভাবে চুরি হয়েছে তা বোঝ যাচ্ছে না। ভবনের ভেতরের কেউ জড়িত কি না, কিংবা বাইরে থেকে কেউ এসেছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।