সিআইডির পরীক্ষাগারে যাচ্ছে জব্দ করা জুস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিআরটিএর উপপরিচালক সিতাংশু শেখর বিশ্বাসের বাসা থেকে জব্দ করা জুস পরীক্ষার জন্য পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) পরীক্ষাগারে পাঠানো হচ্ছে। সিতাংশুসহ পরিবারের চার সদস্যকে হাতুড়িপেটা ও তাঁর স্ত্রী কলেজশিক্ষক কৃষ্ণা কাবেরী বিশ্বাস হত্যা মামলার একমাত্র আসামি জহিরুল ইসলাম গতকাল শুক্রবার পর্যন্ত গ্রেপ্তার হননি।
রাজধানীর মোহাম্মদপুরের ইকবাল রোডে গত সোমবার রাতে সিতাংশুকে জুস খাওয়ানোর পর তাঁকে, তাঁর স্ত্রী ও দুই মেয়েকে হাতুড়িপেটা করা হয়। একপর্যায়ে তাঁর স্ত্রীর পরনের শাড়িতে আগুন ধরিয়ে দেয় হামলাকারী। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে নেওয়ার পর তিনি মারা যান।
এই মামলার তদন্ত কর্মকর্তা মোহাম্মদপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. মাহবুবুর রহমান গতকাল প্রথম আলোকে বলেন, সোমবার রাতে সিতাংশু, তাঁর স্ত্রী কৃষ্ণা কাবেরী ও দুই মেয়েকে আহত অবস্থায় উদ্ধারের পর ওই বাসা থেকে জুসের প্যাকেট, ফুলের তোড়াসহ বেশ কিছু আলামত জব্দ করা হয়। ওই জুসে বিষাক্ত বা নেশাজাতীয় কোনো দ্রব্য মেশানো ছিল কি না, তা নির্ণয়ের জন্য সিআইডির পরীক্ষাগারে পাঠানো হচ্ছে। আসামি জহিরুলকে গ্রেপ্তারে থানা পুলিশের পাশাপাশি মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) অভিযান চালাচ্ছে।
সিতাংশুর স্বজনেরা জানান, সোমবার রাতে সিতাংশু, তাঁর স্ত্রী ও দুই মেয়েকে আহত অবস্থায় উদ্ধারের পর পুলিশ তাঁদের বাসায় তালা লাগিয়ে দিয়েছিল। গতকাল দুপুরে মোহাম্মদপুর থানার পুলিশ ওই বাসার চাবি তাঁদের স্বজনদের বুঝিয়ে দেয়। সিতাংশুর ঘনিষ্ঠ বন্ধু রথীন চাকী বলেন, বাসায় ঢুকে দেখা যায়, আগুনে বসার ঘরের সোফাসেট, শোয়ার ঘরের খাট, একটি ল্যাপটপ, শীতাতপ নিয়ন্ত্রণযন্ত্র (এসি), কাপড়চোপড়সহ বেশ কিছু মালামাল পুড়ে গেছে। দেয়াল থেকে পলেস্তারা খসে পড়েছে, দেয়ালে পোড়া দাগ। আগুন নেভানোয় ব্যবহার করা পানি মেঝেতে জমে আছে। বাসা পরিষ্কার করা হয়েছে।
স্বজনেরা জানান, দুপুরে মহাখালীর মেট্রোপলিটন মেডিকেল সেন্টারে চিকিৎসাধীন সিতাংশু ও তাঁর দুই মেয়েকে কৃষ্ণা কাবেরীর মৃত্যুর খবর জানানো হয়। এ খবরে তাঁরা কান্নায় ভেঙে পড়েন ও বিলাপ করতে থাকেন।
সিতাংশুর ভাই সুধাংশু শেখর বিশ্বাস বলেন, কৃষ্ণার মরদেহ তাঁর গ্রামের বাড়ি রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার বহতপুরে সৎকার করা হবে।