সিআরবিতে অশোভন আচরণের শিকার সাংবাদিক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রতিবেদনের জন্য রেলওয়ে পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপকের বক্তব্য নিতে গিয়ে এক সাংবাদিক অশোভন আচরণের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। গতকাল মঙ্গলবার দুপুরে সিআরবি ভবনে মহাব্যবস্থাপকের কার্যালয়ে এই ঘটনা ঘটে।তবে মহাব্যবস্থাপক মকবুল আহমেদ এই অভিযোগ অস্বীকার করেছেন।
চট্টগ্রামের পাহাড়তলীর ইউরোপিয়ান ক্লাব সংস্কার করা নিয়ে বেসরকারি টেলিভিশন এটিএন নিউজের প্রতিবেদক মাসুদুল হক ও ক্যামেরাপারসন নয়ন চক্রবর্তী গতকাল দুপুরে রেলওয়ে পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপকের বক্তব্য নিতে তাঁর কার্যালয় যান। এ সময় মহাব্যবস্থাপক মকবুল আহমেদ ওই প্রতিবেদকের সঙ্গে অশোভন আচরণ করেন বলে অভিযোগ উঠেছে।
এটিএন নিউজের প্রতিবেদক মাসুদুল প্রথম আলোকে বলেন, ‘ইউরোপিয়ান ক্লাব ভেঙে ফেলার ঘটনায় আমি মহাব্যবস্থাপকের বক্তব্য নিতে তাঁর কার্যালয়ে যাই। তাঁকে এ বিষয়ে প্রশ্ন করলে তিনি উত্তেজিত হয়ে ওঠেন। একপর্যায়ে বলেন, আপনি অভদ্র। ফোন করে আপনার আসা উচিত ছিল। আমার কক্ষ থেকে এখনই বেরিয়ে যান। এরপর আমি তাঁর বক্তব্য না নিয়ে কক্ষ ত্যাগ করে চলে আসি।’
তবে মহাব্যবস্থাপক মকবুল আহমেদ বলেন, ‘সাংবাদিক সাহেব বক্তব্য দিতে আমাকে চাপ সৃষ্টি করছিলেন। তাই আমি কোনো কথা বলতে চাইনি।’