সিএইচটি কমিশনের সমন্বয়কারীসহ দুই নারীর ওপর হামলা
বান্দরবানে বেড়াতে আসা পার্বত্য চট্টগ্রামবিষয়ক আন্তর্জাতিক কমিশনের (সিএইচটি-কমিশন) সমন্বয়কারী হানা শামস আহমেদ ও তাঁর এক বান্ধবীর ওপর গতকাল সোমবার সন্ধ্যায় সম-অধিকার আন্দোলনের নেতা-কর্মীরা হামলা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
তাঁরা দুই বান্ধবী ব্যক্তিগত সফরে বেড়াতে এসেছিলেন বলে হানা শামস জানিয়েছেন। পুলিশ বলেছে, হামলার ব্যাপারে থানায় কেউ অভিযোগ দেয়নি। তবে তারা বিষয়টি খোঁজখবর নিচ্ছে।
হানা শামস আহমেদ বলেন, সকালে জেলা শহরে এসে তাঁরা কয়েকটি জায়গায় ঘুরে বিকেলে বান্দরবান-চিম্বুক সড়কের শৈলপ্রপাতে গিয়েছিলেন। সেখান থেকে ফিরে আসার পথে একটি অবকাশযাপন কেন্দ্রের পাশে সাত-আটজন লোক তাঁদের মহেন্দ্র ট্যাক্সিক্যাব গতিরোধ করে। তারা তাঁদের গাড়ি থেকে নামাতে চেষ্টা করে এবং মারধর করে।
হামলার ঘটনার পর হানা শামস ও তাঁর বান্ধবী নৈশকোচে বান্দরবান থেকে ঢাকা যাওয়ার যাত্রা বাতিল করেছেন।