সিএনজি ছিনতাইকারী চক্রের মূল হোতা গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নরসিংদীর রায়পুরায় সিএনজিচালিত অটোরিকশা ছিনতাই চক্রের মূল হোতা রানা মিয়াকে বিদেশি পিস্তলসহ গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। গ্রেপ্তারের আগে রানার পিস্তল থেকে ছোড়া গুলিতে এক পুলিশসহ দুজন আহত হয়েছে বলে দাবি পুলিশের।
গতকাল সোমবার বেলা তিনটার দিকে উপজেলার নীলকুঠি এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা গেছে, সম্প্রতি ঢাকা-সিলেট মহাসড়কের রায়পুরা এলাকায় সিএনজিচালিত অটোরিকশা ছিনতাইয়ের ঘটনা বেড়ে যায়। গোপন সংবাদের ভিত্তিতে গতকাল সকালে জেলা গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক (এসআই) আবদুল গাফফারের নেতৃত্বে উপজেলার মরজাল এলাকায় অভিযান চালিয়ে ছিনতাই চক্রের সদস্য সাত্তার মিয়া নামে একজনকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে কৌশলে ছিনতাইকারী চক্রের মূল হোতা ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ এলাকার রানা মিয়াকে নীলকুঠি এলাকায় আনা হয়। এ সময় ঘটনা টের পেয়ে রানা তার কাছে থাকা পিস্তল দিয়ে গুলি ছোড়ে। এতে সঞ্জয় মালু নামের এক পুলিশ সদস্য আহত হন। পরে তাঁকে গ্রেপ্তার করেন এসআই আবদুল গাফফার। তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও দুটি গুলি উদ্ধার করা হয়। পরে আহত পুলিশ সদস্যদের ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়।
গোয়েন্দা পুলিশের এসআই আবদুল গাফফার প্রথম আলোকে মুঠোফোনে বলেন, রানা মিয়া সিএনজিচালিত অটোরিকশা ছিনতাইকারী চক্রের মূল হোতা।