সিএনজি স্টেশনে লাগাতার ধর্মঘট আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের সব সিএনজি ফিলিং স্টেশনে আগামী রোববার থেকে লাগাতার ধর্মঘট আহ্বান করেছে বাংলাদেশ সিএনজি ফিলিং স্টেশন অ্যান্ড কনভার্শন ওয়ার্কশপ ওনার্স অ্যাসোসিয়েশন। গতকাল বুধবার বিকেলে রাজধানীর বিজয় নগরের আকরাম টাওয়ারে অ্যাসোসিয়েশন আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই ধর্মঘটের সিদ্ধান্ত জানানো হয়।

সংবাদ সম্মেলনে বলা হয়, সড়ক ও জনপথ অধিদপ্তরের ইজারা মাশুল অস্বাভাবিক বৃদ্ধির সিদ্ধান্ত বাতিল, গ্যাসের মূল্যবৃদ্ধির প্রস্তাব প্রত্যাহার এবং জ্বালানি মন্ত্রণালয়ের সুপারিশগুলো দ্রুত বাস্তবায়নের দাবিতে এই ধর্মঘট ডাকা হয়েছে। দাবি না মানা হলে রোববার সকাল ছয়টা থেকে সারা দেশে সব সিএনজি ফিলিং স্টেশন দাবি আদায় না হওয়া পর্যন্ত ধর্মঘট পালন করবে। এ জন্য যেকোনো পরিস্থিতির দায়দায়িত্ব সরকারকে বহন করতে হবে।

এর আগে গত বুধবার এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ পেট্রলপাম্প ও ট্যাংক-লরি মালিক-শ্রমিক ঐক্য পরিষদও ৩০ অক্টোবর থেকে দেশের সব পেট্রলপাম্পে অনির্দিষ্টকালের ধর্মঘট আহ্বান করেছে।