সিএনজির চালককে পুলিশের মারধর
মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় শরীর তল্লাশির প্রতিবাদ করায় পুলিশ সিএনজিচালিত অটোরিকশার (সিএনজি) চালককে পিটিয়ে আহত করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
ওই সিএনজিচালকের নাম শহীদুল ইসলাম। তাঁর বাড়ি সাটুরিয়ার কুষ্টিয়া গ্রামে। শহীদুল ইসলাম বলেন, উপজেলার বরাইদ এলাকায় যাত্রী নামিয়ে দিয়ে বাড়ি ফেরার পথে বৃহস্পতিবার রাত নয়টার দিকে দড়গ্রামের পুনাইল এলাকায় সাটুরিয়া থানার উপপরিদর্শক (এসআই) মো. হাসান তাঁকে আটক করেন। এরপর তাঁর কাছে মাদক আছে—এ কথা বলে তাঁর শরীর তল্লাশি করার চেষ্টা করেন এসআই। তিনি (শহীদুল) বাধা দিলে এসআই ও তাঁর সঙ্গে থাকা কনস্টেবল তাঁকে লাঠি দিয়ে পেটাতে থাকেন। এ সময় তাঁর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে পিটুনি বন্ধ করা হয়। পরে সিএনজিতে উঠে তাঁকে থানা পর্যন্ত যেতে বাধ্য করেন তাঁরা। থানায় নিয়ে এসআই সাদা কাগজে সই নিয়ে রাত ১২টার দিকে তাঁকে ছেড়ে দেন। এর আগে বিষয়টি ফাঁস না করার জন্য তাঁকে নানাভাবে হুমকি দেওয়া হয়।
শহীদুলের বড় ভাই মজিবর রহমান বলেন, ঘটনার পর তাঁকে (শহীদুল) প্রথমে সাটুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে নিরাপদ বোধ না করায় পরদিন তাঁকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। লাঠির আঘাতে তাঁর পিঠে ও হাতে কালচে দাগ হয়ে গেছে। পিঠে একটি ক্ষতেরও সৃষ্টি হয়েছে।
জানতে চাইলে এসআই হাসান বলেন, ‘ভুল-বোঝাবুঝি থেকে ঘটনাটি ঘটে গেছে। সামান্য বিষয় নিয়ে বাগ্বিতণ্ডার একপর্যায়ে আমার সঙ্গে থাকা কনস্টেবল মাসুদ তাঁকে লাঠি দিয়ে দুটি আঘাত করেন। পরে বিষয়টি আপস করা হয়।’
সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল্লাহ সরকার বলেন, ‘শহীদুলকে আঘাত করা হয়েছে কি না, তা আমার জানা নেই। আমার জানামতে, এক কনস্টেবলের সঙ্গে তাঁর বাগ্বিতণ্ডা হয়েছে। এরপরও অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’