সিগারেট কিনতে বাধ্য 'চাষি'
ঢাকা টোব্যাকো কোম্পানি তাদের সিগারেট বিপণনের জন্য অভিনব কৌশলের আশ্রয় নিয়েছে। প্রতিষ্ঠানটি তাদের সঙ্গে চুক্তিবদ্ধ লালমনিরহাটের আদিতমারী উপজেলার আট ইউনিয়নের প্রায় পাঁচ হাজার তামাকচাষিকে ৩০০ টাকার সিগারেট কিনতে বাধ্য করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
চাষিদের কাছ থেকে অভিযোগ পেয়ে এ ঘটনা তদন্তের উদ্যোগ নিয়েছে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। অধিদপ্তর একজন কৃষি কর্মকর্তাকে তদন্ত করে প্রতিবেদন দাখিল করার নির্দেশ দিয়েছে। চাষিদের সিগারেট কিনতে বাধ্য করার অভিযোগের সত্যতা পেয়েছে তদন্ত কমিটি। গত মঙ্গলবার জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কৃষি প্রশিক্ষণ কর্মকর্তা গোলাম মোস্তফা সরেজমিনে আদিতমারীর সারপুকুর ইউনিয়নের তালুক হরিদাস ও টেপাহাট গ্রামের তামাকচাষিদের সঙ্গে কথা বলেন।
গোলাম মোস্তফা বলেন, ‘দৈবচয়ন পদ্ধতিতে সারপুকুর ইউনিয়নের টেপাহাট গ্রামের একজন এবং তালুক হরিদাস গ্রামের দুজন চুক্তিবদ্ধ তামাকচাষির সঙ্গে কথা বলে তামাক চাষের জন্য ঢাকা টোব্যাকো কোম্পানির ঋণে সার বিতরণের পাশাপাশি ৩০০ টাকার ব্রিটন সিগারেট দেওয়ার বিষয়ে নিশ্চিত হই। গত মঙ্গলবার সন্ধ্যায় তদন্ত প্রতিবেদন ঢাকায় পাঠিয়েছি।’
সংশ্লিষ্ট একাধিক সূত্র ও ঢাকা টোব্যাকো কোম্পানি লিমিটেডের চুক্তিবদ্ধ তামাকচাষিদের সূত্রে জানা যায়, প্রতি এক একর জমিতে তামাক চাষ করতে ঋণে প্রয়োজনীয় সার নেওয়ার জন্য চাষিদের বাধ্যতামূলকভাবে ৩০০ টাকা মূল্যের ২০ প্যাকেট ব্রিটন ব্র্যান্ডের সিগারেট কিনতে হয়েছে। ইচ্ছা না থাকলেও চুক্তি থাকায় বিপাকে পড়ে তা কিনতে হয়েছে তাঁদের।
ঢাকা টোব্যাকোর সিগারেট বিপণন বিভাগের স্থানীয় কর্মকর্তা ও কর্মচারীরা দাবি করেন, চাষিরা তামাক চাষ করবেন অথচ কোম্পানির সিগারেট কিনবেন না তা হয় না। তাঁরা অবশ্য এখন সার বা সিগারেটের দাম কিছুই নিচ্ছেন না, এর মূল্য আদায় করা হবে তামাক পাতা কোম্পানির কাছে বিক্রির সময়।
প্রতিষ্ঠানটি এ কৌশলে সিগারেট বিক্রি করায় বেশি বিপাকে পড়েছেন অধূমপায়ী চাষিরা। তাঁরা ৩০০ টাকা মূল্যের ২০ প্যাকেট সিগারেট ধূমপায়ী বা দোকানে ৫০ থেকে ১০০ টাকায় বিক্রি করতে বাধ্য হয়েছেন।
চুক্তিবদ্ধ তামাকচাষিরা জানান, প্রতি একর জমিতে তামাক চাষের জন্য তাঁরা ঢাকা টোব্যাকোর কাছ থেকে ঋণের বিপরীতে দুই বস্তা মিউরেট অব পটাশ, দুই বস্তা সালফার অব ফসফেট এবং দুই বস্তা ড্যাপ এবং এক বস্তা ইউরিয়া সার পেয়েছেন।
আদিতমারী উপজেলার সারপুকুর ইউনিয়নের তালুক হরিদাস গ্রামের তামাকচাষি মতিয়ার রহমান, ভাদাই ইউনিয়নের কান্তেশ্বর পাড়ার হিতেন্দ্রনাথ, আবদুল খালেক এবং সাপ্টিবাড়ী ইউনিয়নের ইছাহাক আলী জানান, তাঁদের নিরুপায় হয়ে ঋণে সার কিনতে গিয়ে ব্রিটন সিগারেট কিনতে হয়েছে।
ঢাকা টোব্যাকো কোম্পানির সাপ্টিবাড়ী সেন্টারের ব্যবস্থাপক বেলাল হোসেন বলেন, ‘আমরা কোম্পানির তালিকাভুক্ত প্রায় পাঁচ হাজার তামাকচাষিকে ঋণে সার দিয়েছি।’ তিনি চাষিদের সিগারেট কিনতে বাধ্য করার অভিযোগ অস্বীকার করেছেন। তিনি দাবি করেন, ঢাকা টোব্যাকো কোম্পানির বিপণন বিভাগের লোকজন কোম্পানির নতুন ব্র্যান্ডের সিগারেট ব্রিটন কিনতে আগ্রহী তামাকচাষিদের কাছে বাকিতে সিগারেট বিক্রি করেছেন। তিনি বলেন, এ নিয়ে কিছুটা সমালোচনার কথা জানতে পারলেও তাঁর কিছু করার ছিল না।
লালমনিরহাট জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক সাফায়েত হোসেন বলেন, আদিতমারী উপজেলায় এ বছর এক হাজার ৬৫০ হেক্টর জমিতে তামাক চাষ করা হচ্ছে। তিনি আরও বলেন, ঢাকা টোব্যাকোর পক্ষ থেকে কৃষকদের ঋণে সার দেওয়ার বিপরীতে ৩০০ টাকার বাধ্যতামূলক সিগারেট কেনার অভিযোগ তদন্ত করতে ১৮ ডিসেম্বর কমিটি গঠন করা হয়েছে।