সিগারেটের টাকা চাওয়ায় দোকানিকে দুই দফা মারধর
মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলা ছাত্রলীগের সাময়িক বহিষ্কৃত সাধারণ সম্পাদক রমিজ উদ্দিনের বিরুদ্ধে এক দোকানিকে মারধর করার অভিযোগ পাওয়া গেছে। গত বুধবার রাতে সিঙ্গাইর পৌর বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
আহত দোকানি মো. দানেজকে (৫০) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। দানেজের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, সিঙ্গাইর পৌর এলাকার পুকুরপাড়া এলাকার বাসিন্দা দানেজ পৌর বাজারে চা-সিগারেটের দোকান চালান। বুধবার রাত ১০টার দিকে ছাত্রলীগ নেতা রমিজ তাঁর দোকান থেকে সিগারেট নেন। কিন্তু তিনি সিগারেটের টাকা না দিয়েই চলে যেতে শুরু করলে দানেজ তাঁর কাছে টাকা চান। এ নিয়ে দুজনের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে রমিজ ও তাঁর সঙ্গে থাকা কয়েকজন যুবক দানেজকে দোকান থেকে টেনেহিঁচড়ে বের করে মারধর করেন। পরে আশপাশের লোকজন এগিয়ে এলে তাঁরা চলে যান।
প্রত্যক্ষদর্শী কয়েকজন জানান, কিছুক্ষণ পর দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে বাজারের একটি করাতকলের কাছে দানেজকে আবার মারধর করেন রমিজ ও তাঁর লোকজন। এ সময় তাঁর চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এলে রমিজ ও তাঁর লোকজন পালিয়ে যান।
দানেজকে মারধরের কথা অস্বীকার করে ছাত্রলীগ নেতা রমিজ বলেন, ওই দোকানিকে মারধরের ঘটনায় তাঁর কোনো সম্পৃক্ততা নেই। তিনি এ প্রতিবেদন না লিখতেও অনুরোধ করেন।