সিঙ্গাইরে চাঁদাবাজির মামলায় ইউপি চেয়ারম্যান জেলে
চাঁদাবাজির অভিযোগে দায়ের করা একটি মামলায় মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলার ধল্লা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান জাহিদ ভূঁইয়াসহ সাতজনকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
গতকাল বুধবার দুপুরে মানিকগঞ্জের জ্যেষ্ঠ বিচারিক হাকিমের আদালতে ওই সাতজন আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। বিচারক নিভানা খায়ের জেসি জামিন নামঞ্জুর করে তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এজাহার সূত্রে জানা গেছে, দরপত্রের মাধ্যমে সিঙ্গাইরের মেদুলিয়া এলাকায় একটি প্রতিষ্ঠানের জমি ভরাটের কাজ পায় স্থানীয় মেসার্স তুষার-মুন্নি এন্টারপ্রাইজ নামে এক ঠিকাদারি প্রতিষ্ঠান। গত ২১ মার্চ মাটি ভরাটের কাজ চলাকালে ইউপি চেয়ারম্যান জাহিদ ভূঁইয়া ও তাঁর সহযোগী সাইফুল ইসলাম, সবুর খান, আবদুল গাফফার, দেলোয়ার হোসেন, ভুটু মিয়া ও আরশাদ আলী সেখানে গিয়ে দেড় লাখ টাকা চাঁদা দাবি করেন। এ সময় তাঁরা দুজন নিরাপত্তা প্রহরীকে মারধরও করেন। ২২ মার্চ ওই ঠিকাদারি প্রতিষ্ঠানের ব্যবস্থাপক আতোয়ার হোসেন থানায় একটি চাঁদাবাজি মামলা করেন।