সিঙ্গাইরে ছাত্রলীগ নেতার কাণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একটি ব্যক্তিগত গাড়িতে করে উপজেলা সদরের দিকে যাচ্ছিলেন মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রমিজ উদ্দিন। পথে সিঙ্গাইর বাজার এলাকায় যানজটে পড়েন তিনি। এ সময় গাড়ির হর্ন দিলে ব্যাটারিচালিত হ্যালোবাইকগুলো (তিন চাকার রিকশা) ‘সাইড’ দিতে কিছুটা দেরি করে। এতে ক্ষিপ্ত হয়ে ছাত্রলীগ নেতাসহ তাঁর সহযোগীরা ১৫-২০টি হ্যালোবাইক ভাঙচুর করেন বলে অভিযোগ পাওয়া গেছে।
গত রোববার সন্ধ্যায় সিঙ্গাইর বাজার-ঘোনাপাড়া সড়কের সিঙ্গাইর বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী হ্যালোবাইক মালিক ও চালক দুলাল মিয়া জানান, ধার-দেনা করে হ্যালোবাইকটি কিনেছেন। এই হ্যালোবাইকের রোজগারেই তাঁর সংসার চলে। ভাঙচুরের কারণে তাঁর হ্যালোবাইক মেরামতে তিন হাজার টাকা লাগবে। ভাঙচুরের অভিযোগ তাঁরা পুলিশকে অবহিত করেছেন।
উপজেলা হ্যালোবাইক মালিক সমিতির সভাপতি বোরহান উদ্দিন বলেন, ওই ছাত্রলীগ নেতা বেশ কয়েকটি হ্যালোবাইক ভাঙচুর করেন বলে তিনি শুনেছেন। তবে এ বিষয়ে ভুক্তভোগীদের পক্ষ থেকে কেউ তাঁকে বিষয়টি জানাননি।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সিঙ্গাইর বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আবদুল বারেক খান বলেন, সড়কে যত্রতত্র হ্যালোবাইকগুলো দাঁড় করিয়ে রাখা হয়। এতে প্রায়ই যানজটের সৃষ্টি হয়। তবে ভাঙচুরের ঘটনা নিন্দনীয়। এতে ছাত্রলীগের সুনাম নষ্ট হয়েছে।
অভিযোগ অস্বীকার করে রমিজ উদ্দিন বলেন, ‘এ ঘটনার সঙ্গে আমার কোনো সম্পৃক্ততা নেই। বাজারের উচ্ছৃঙ্খল কিছু ছেলে ভাঙচুর করেছে বলে শুনেছি।’
বাজারের কোন ছেলেরা ভাঙচুর করেছে—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘ভাঙচুরের সঙ্গে জড়িত ওই সব ছেলেরা আমার পরিচিত নয়।’
সিঙ্গাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দুজ্জামান বলেন, এ ব্যাপারে কেউ অভিযোগও করেননি। তবে লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।