সিঙ্গাইরে তরুণের ঝুলন্ত লাশ উদ্ধার
মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলার কাশিমনগর গ্রাম থেকে গতকাল বৃহস্পতিবার সকালে আনোয়ার হোসেন (২০) নামের এক তরুণের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি উপজেলার তেলিখোলা গ্রামের আবদুর রহিমের ছেলে।
পরিবারের অভিযোগ, আনোয়ারকে হত্যার পর লাশ ঝুলিয়ে রাখা হয়। তিনি কৃষিকাজে ব্যবহৃত ট্রাক্টরচালক ছিলেন।
পুলিশ, নিহতের পরিবার এবং স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল সকালে কাশিমনগর গ্রামের রাস্তার পাশের একটি গাছে গলায় রশি পেঁচানো অবস্থায় এক তরুণের ঝুলন্ত লাশ দেখে স্থানীয় থানায় সংবাদ দেন এলাকাবাসী। সকাল ১০টার দিকে ঘটনাস্থল থেকে ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। এরপর ময়নাতদন্তের জন্য লাশ মানিকগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।
নিহত আনোয়ারের পরিবারের লোকজন জানান, একই গ্রামের জনৈক এক ব্যক্তির মেয়ের (১৬) সঙ্গে আনোয়ারের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। বিষয়টি জানাজানির পর ওই কিশোরীর পরিবারের লোকজন আনোয়ারকে বিভিন্নভাবে হুমকি-ধমকি দিয়ে আসছিলেন। গত মঙ্গলবার রাতে আনোয়ার বাড়ি থেকে বের হন। এর পর থেকে তিনি নিখোঁজ ছিলেন।
আনোয়ারের বাবা আবদুর রহিম অভিযোগ করেন, ওই কিশোরীর পরিবারের লোকজন তাঁর ছেলেকে হত্যা করেছে। এ ব্যাপারে যোগাযোগের চেষ্টা করেও ওই কিশোরীর পরিবারের কারও বক্তব্য পাওয়া যায়নি।