সিঙ্গাইরে দুই বাড়িতে ডাকাতি, এক দম্পতি আহত
মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলায় গত রোববার দিবাগত রাতে দুই বাড়িতে ডাকাতি হয়েছে। দুটি ঘটনায় ডাকাতেরা ১১ ভরি স্বর্ণালংকার, ১০ হাজার টাকা ও ১২টি গুলিসহ একটি লাইসেন্স করা বন্দুক লুট করে। এ সময় ডাকাতদের হামলায় বিমানবাহিনীর অবসরপ্রাপ্ত একজন কর্মকর্তা ও তাঁর স্ত্রী আহত হন।
আহত ব্যক্তিরা হলেন উপজেলার খান বানিয়ারা গ্রামের বাসিন্দা ও বিমানবাহিনীর অবসরপ্রাপ্ত ফ্লাইট সার্জেন্ট মোস্তফা খান (৬৫) ও তাঁর স্ত্রী শামীমা খান (৫৫)। গুরুতর অবস্থায় তাঁদের সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মোস্তফা খানের চাচাতো ভাই মোমিনুল হক খান জানান, রোববার দিবাগত রাত আড়াইটার দিকে ১০-১২ জনের একদল ডাকাত মোস্তফার বাড়ির বারান্দার গ্রিলের তালা ও কাঠের দরজা ভেঙে ঘরে ঢোকে। এ সময় লাইসেন্স করা দোনলা বন্দুক দিয়ে মোস্তফা ফাঁকা গুলি করার চেষ্টা করলে ডাকাতেরা বন্দুকটি ছিনিয়ে নেয়। এরপর ডাকাতেরা মোস্তফা ও তাঁর স্ত্রীকে রড দিয়ে পিটিয়ে আহত করে ঘরের আলমারি থেকে ১০ ভরি স্বর্ণালংকার, পাঁচ হাজার টাকা ও ১২টি গুলিসহ বন্দুকটি লুট করে চলে যায়।
একই রাতে রায় দক্ষিণ গ্রামের শওকত হোসেনের বাড়িতে ডাকাতি হয়। গৃহকর্তা জানান, রাত দুইটার দিকে ১০-১২ জনের একদল ডাকাত দরজা ভেঙে ঘরে ঢুকে লোকজনকে অস্ত্রের মুখে জিম্মি করে ফেলে। এরপর তারা আলমারি থেকে এক ভরি স্বর্ণালংকার, পাঁচ হাজার টাকা ও তিনটি মুঠোফোন লুট করে নিয়ে যায়।