সিঙ্গাইরে নারী ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলার জামালপুর গ্রাম থেকে গতকাল রোববার মনোয়ারা বেগম (৬৫) নামের এক নারী ইউপি সদস্যের লাশ উদ্ধার করেছে পুলিশ। দুর্বৃত্তরা তাঁকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে বলে জানিয়েছে পুলিশ।
নিহত মনোয়ারা বায়রা ইউনিয়ন পরিষদের (ইউপি) ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের নারী সদস্য ছিলেন। তিনি জামালপুর গ্রামের নূরুল ইসলামের স্ত্রী।
মনোয়ারার পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, গত শুক্রবার সকালে মনোয়ারা উপজেলার জয়মণ্টপ এলাকায় তাঁর ভাগনি রফিজা আক্তারের শ্বশুরবাড়ি বেড়াতে যান। গত শনিবার সন্ধ্যায় তিনি সেখান থেকে বাড়ির উদ্দেশে বের হন। রাত আটটার দিকে যাত্রীবাহী বাসে করে মানিকগঞ্জ-সিঙ্গাইর সড়কের বাইমাইল বাসস্ট্যান্ড নেমে তিনি স্থানীয় ব্যক্তিদের সঙ্গে কথাবার্তা বলেন। পরে তিনি বাড়ির উদ্দেশে রওনা হন। এরপর তিনি আর বাড়ি ফেরেননি। গতকাল ভোরে জামালপুর গ্রামের একটি রাস্তার পাশে মনোয়ারার লাশ পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশকে খবর দেয়। সকাল আটটার দিকে ঘটনাস্থল থেকে তাঁর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ। তাঁর মাথা ও ঘাড়ে চাপাতির আঘাতের চিহ্ন রয়েছে।
মনোয়ারার বড় ছেলে রফিকুল ইসলাম জানান, বসতভিটার ১০ শতক জমি নিয়ে মা মনোয়ারার সঙ্গে তাঁর ভাগনে মোশারফ হোসেনের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এ নিয়ে তিনি মানিকগঞ্জ জেলা জজ আদালতে মামলাও করেন। এদিকে মোশারফের স্ত্রী লিপি আক্তারের সঙ্গে একই গ্রামের আপেল মিয়ার (৪০) পরকীয়ার সম্পর্ক ছিল। এ নিয়ে মনোয়ারা গ্রাম্য সালিসে আপেল ও লিপিকে শাসন করেন। তাঁদের ধারণা, এসব ঘটনার জের ধরে মনোয়ারাকে হত্যা করা হয়ে থাকতে পারে। এ ব্যাপারে কথা বলতে আপেলের বাড়িতে গিয়েও তাঁকে পাওয়া যায়নি।
সিঙ্গাইর থানার ওসি সৈয়দুজ্জামান জানান, গতকাল দুপুরে রফিকুল ইসলাম বাদী হয়ে মোশারফসহ চার ব্যক্তির নাম উল্লেখ করে থানায় একটি হত্যা মামলা করেছেন। মোশারফকে গ্রেপ্তার করা হয়েছে।