সিঙ্গাইরে প্রার্থীর দুই সমর্থককে পিটিয়ে আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানিকগঞ্জের সিঙ্গাইর পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের ‘বিদ্রোহী’ (স্বতন্ত্র) মেয়র পদপ্রার্থীর দুই সমর্থককে রড দিয়ে পিটিয়ে আহত করা হয়েছে এবং নির্বাচনী প্রচারকাজে ব্যবহৃত টেম্পো ও মাইক ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে। প্রচারণার শেষ দিনে গতকাল মঙ্গলবার বিকেলে আওয়ামী লীগের প্রার্থী আবু নাঈম মো. বাশারের দুই কর্মী এই হামলা চালিয়েছে বলে অভিযোগ উঠেছে।
আহত দুজন হলেন মোতালেব হোসেন ও আবদুর রহমান। তাঁদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
আহত দুজন বলেন, গতকাল বিকেলে বিদ্রোহী প্রার্থী মীর মো. শাজাহানের ‘জগ’ প্রতীকের পক্ষে প্রচারণা চালাতে তাঁরা টেম্পোতে করে পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকায় যান। পাঁচটার দিকে ফেরার পথে সিঙ্গাইর-গোলড়া সড়কে একটি মাইক্রোবাস থেকে চাপাতি ও রড হাতে দুই যুবক নেমে টেম্পো ও মাইক ভাঙচুর করে। এরপর রড দিয়ে তাঁদের পিটিয়ে আহত করে।
মেয়র পদপ্রার্থী শাজাহান বলেন, ‘নৌকা প্রতীকের প্রার্থী মো. বাশারের সন্ত্রাসী কর্মীরা আমার কর্মীদের ওপর এই হামলা চালিয়েছে। ঘটনাটি রিটার্নিং কর্মকর্তা ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) অবহিত করা হয়েছে। এর আগেও কয়েক দফায় আমার কর্মী-সমর্থকদের ওপর হামলা করা হয়।’
এ বিষয়ে বক্তব্য জানতে আওয়ামী লীগের মেয়র পদপ্রার্থী বাশারের মুঠোফোনে একাধিকবার ফোন দিলেও তিনি ধরেননি। তবে তাঁর নির্বাচনী পরিচালনা কমিটির সমন্বয়ক শহিদুর রহমান বলেন, এ ধরনের অভিযোগ মিথ্যা।
সিঙ্গাইর থানার ওসি সৈয়দুজ্জামান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়।