সিঙ্গাইরে বাবা-মাকে কুপিয়ে হত্যার পর ছেলে নিহত
মানিকগঞ্জের সিঙ্গাইরে গতকাল রোববার বাবা-মাকে কুপিয়ে হত্যা করেছেন মাদকাসক্ত এক ব্যক্তি। পরে পালানোর সময় পুলিশের গুলি ও এলাকাবাসীর পিটুনিতে তিনি নিহত হন। এলাকাবাসীর অভিযোগ, পুলিশের গুলিতেই তাঁর মৃত্যু হয়েছে। তবে পুলিশ বলছে, তিনি মারা গেছেন গণপিটুনিতে।
নিহত ব্যক্তিরা হলেন সিঙ্গাইর উপজেলার শায়েস্তা ইউনিয়নের নীলটেক গ্রামের মহিউদ্দিন প্রামাণিক (৬৫) ও তাঁর স্ত্রী সুফিয়া বেগম (৫৫) এবং তাঁদের ছেলে সাইদুর রহমান প্রামাণিক (৩৫)। একটি গুলি সাইদুরের শরীরে বিদ্ধ হয়েছিল বলে জানিয়েছেন সদর হাসপাতালের ময়নাতদন্তকারী চিকিৎসক।
নিহত সাইদুরের বোন খালেদা বেগম ও রেহেনা বেগম জানান, বছর পাঁচেক আগে সাইদুর মাদকাসক্ত হয়ে পড়েন। তিনি নিয়মিত ফেনসিডিল, ইয়াবা বড়িসহ নানা ধরনের মাদক গ্রহণ করতেন। রিকশা চালিয়ে তিনি মাদকের টাকা জোগাড় করতেন। কিন্তু মাদকের প্রভাবে বছর তিনেক আগে মানসিক ভারসাম্য কিছুটা হারিয়ে তিনি প্রায় কর্মহীন হয়ে পড়েন। এর পর থেকে মাদক কেনার জন্য মাঝেমধ্যেই তাঁর বাবার কাছে টাকা চাইতেন। না পেলে বাবাকে মারধর করতেন।
খালেদা, রেহেনাসহ প্রতিবেশীরা জানান, গতকাল সকাল সাড়ে আটটার দিকে সাইদুর মাদক কেনার জন্য তাঁর বাবার কাছে টাকা চান। তিনি টাকা না দিয়ে বাড়ির পাশে খেতে কাজ করতে যান। ঘণ্টা খানেক পর সাইদুর ধারালো ছোরা নিয়ে খেতে গিয়ে বাবাকে কোপাতে থাকেন। বাবার চিৎকারে মা সুফিয়া এগিয়ে গেলে সাইদুর বাবা-মা দুজনকেই কুপিয়ে হত্যা করেন। এরপর ছোট বোন হাসিনা বেগমের শিশুছেলে হোসেন আলীকে (২) নিয়ে দরজা বন্ধ করে ঘরের ভেতরে আশ্রয় নেন।
খবর পেয়ে আশপাশের লোকজন সাইদুরের বাড়িতে গিয়ে তাঁকে ঘর থেকে বের করার চেষ্টা করেন। তঁারা ব্যর্থ হয়ে সিঙ্গাইর থানার পুলিশকে বিষয়টি জানান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দরজা ভেঙে সাইদুরকে বের করার চেষ্টা করে। একপর্যায়ে পুলিশ জানালা দিয়ে ঘরের ভেতরে কয়েকটি কাঁদানে গ্যাসের শেল ছোড়ে। তখন ভাগনে হোসেনকে কোলে নিয়ে সাইদুর ছুরি হাতে ঘর থেকে বের হয়ে দৌড়াতে থাকেন। পুলিশও তাঁর পিছু নেয়। কিছু দূর যাওয়ার পর হোসেনকে ছুড়ে ফেলে দৌড়াতে থাকেন সাইদুর।
প্রায় আধা কিলোমিটার যাওয়ার পর পুলিশ তাঁকে আটকের জন্য পেছন থেকে শটগানের গুলি ছোড়ে। গুলিতে আহত হয়ে তিনি মাটিতে লুটিয়ে পড়লে এলাকাবাসী ধরে তাঁকে পিটুনি দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
স্থানীয় শায়েস্তা ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক, সাবেক ইউপি সদস্য মোতাহার হোসেনসহ এলাকার আরও কয়েকজন বলেন, পুলিশের গুলিতেই সাইদুর মাটিতে লুটিয়ে পড়েন। তখন লোকজন তাঁকে কিছু চড়-থাপড় দেয়। এরপর ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
সিঙ্গাইর থানার পরিদর্শক (তদন্ত) এম এ হক বলেন, এলাকাবাসী সাইদুরকে ধরে পিটুনি দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান। তাঁকে গুলি করা হয়নি। তবে সাইদুরকে গণপিটুনি দেওয়ার সময় জনতাকে ছত্রভঙ্গ করতে শটগান দিয়ে কয়েকটি ফাঁকা গুলি করা হয়। ঘটনার পর নিহত ব্যক্তিদের লাশ ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
যোগাযোগ করা হলে মানিকগঞ্জ সদর হাসপাতালের একজন চিকিৎসক নাম প্রকাশ না করার শর্তে বলেন, সাইদুরের পেট ও পায়ের সংযোগস্থলে গুলির চিহ্ন পাওয়া গেছে। তবে গুলিতেই তাঁর মৃত্যু হয়েছে কি না, ময়নাতদন্তের পূর্ণাঙ্গ প্রতিবেদন পাওয়ার আগ পর্যন্ত বলা যাচ্ছে না।
সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) কামরুল ইসলাম প্রথম আলোকে বলেন, এ ঘটনায় দুটি হত্যা মামলার প্রস্তুতি চলছে। একটি মামলা করা হবে বাবা-মাকে হত্যার অভিযোগে নিহত সাইদুরের বিরুদ্ধে। অপর মামলা হবে সাইদুরকে গণপিটুনিতে হত্যার অভিযোগে। এতে কয়েক শ গ্রামবাসীকে আসামি করা হবে।