সিঙ্গাইরে বাড়িতে ঢুকে ডাকাতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলার মেদুলিয়া গ্রামে গত শনিবার গভীর রাতে এক বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতেরা ওই বাড়ির লোকজনকে মারধর করে স্বর্ণালংকার ও টাকা লুট করে নিয়ে যায়। এ সময় ডাকাতদের হামলায় বাড়ির তিনজন আহত হন।
এদিকে গতকাল রোববার জেলার দৌলতপুর উপজেলার নাটুয়াবাড়ি গ্রাম থেকে একাধিক ডাকাতি মামলার আসামি সোরহাব আলীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁর বাড়ি উপজেলার ধামশ্বর ইউনিয়নের মিরহাটাইল গ্রামে।
মেদুলিয়া গ্রামের মোয়াজ্জেম খান বলেন, শনিবার দিবাগত রাত দুইটার দিকে ১০-১২ জনের একদল ডাকাত তাঁর (মোয়াজ্জেম) বাড়িতে হানা দেয়। এ সময় বাড়ির মূল ফটকের তালা ভাঙে তারা।
এরপর তারা ঘরের দরজা ভেঙে ভেতরে ঢুকে লোকজনকে ধারালো অস্ত্রের মুখে জিম্মি করে। একপর্যায়ে রড দিয়ে পিটিয়ে তাঁর মা জরিনা খাতুন এবং দুই ভাই মোশারফ হোসেন ও তোফাজ্জল হোসেনকে আহত করা হয়। এরপর কয়েক ভরি সোনা ও রুপার অলংকার, ২০ হাজার টাকা ও ৭টি মুঠোফোন সেট লুট করে নিয়ে যায় তারা। আহত ব্যক্তিদের স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
এ বিষয়ে জানতে চাইলে সিঙ্গাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোন্দকার ইমাম হোসেন বলেন, মোয়াজ্জেম হোসেন থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে আটক করা হয়েছে।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুজ্জামান বলেন, গতকাল বিকেলে অভিযান চালিয়ে নাটুয়াবাড়ি গ্রাম থেকে সোরহাব আলীকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি আন্তজেলা ডাকাত দলের সদস্য। তাঁর বিরুদ্ধে দৌলতপুরসহ আরও কয়েকটি থানায় ডাকাতির একাধিক মামলা আছে।