সিঙ্গাইরে মাদক সেবনে বাধা দেওয়ায় হামলা ব্যবসায়ী আহত
মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলায় মাদক সেবনে বাধা দেওয়ায় তিন তরুণ মজনু মিয়া (৩০) নামের এক ব্যবসায়ীকে পিটিয়ে আহত করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল শনিবার উপজেলার চারিগ্রাম বাজারে এই ঘটনা ঘটে।
আহত ব্যবসায়ী মজনু চারিগ্রাম গ্রামের মৃত আনসার আলীর ছেলে। তিনি চারিগ্রাম বাজারে মুঠোফোনের ব্যবসা করেন। তাঁকে সিঙ্গাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এলাকাবাসী ও মজনু মিয়ার পরিবারের সদস্যরা জানান, গত শুক্রবার রাত ১০টার দিকে চারিগ্রাম গ্রামে মজনুর বাড়ির একটি পরিত্যক্ত ঘরে ঢুকে ইয়াবা সেবন করছিলেন একই গ্রামের রুবেল হোসেন (২২), মো. আপেল (২৩), সেলিমসহ (২৩) চার তরুণ। এ সময় মজনু ও তাঁর পরিবারের সদস্যরা প্রতিবাদ করেন এবং ওই বাড়ি থেকে তাঁদের চলে যেতে বলেন। বিষয়টি তাঁরা (মাদকসেবীরা) আমলে না নিলে মজনু মিয়া বিষয়টি স্থানীয় চারিগ্রাম ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান শেখ সাজেদুল আলমকে মুঠোফোনে জানান। পরে ওই ইউপির চার নম্বর ওয়ার্ডের সদস্য রজ্জব আলী ওই বাড়িতে গিয়ে তাঁদের আটক করেন। পরে তাঁরা ক্ষমা চেয়ে ওই বাড়ি থেকে বের হয়ে যান।
মজনুর ভগ্নিপতি রেহানুর রহমান অভিযোগ করেন, গতকাল সকাল ১০টার দিকে মজনু চারিগ্রাম বাজারে নিজ দোকানে কাজ করছিলেন। এ সময় রুবেল, সেলিম ও আপেল দোকান থেকে তাঁকে পাশে ডেকে নিয়ে পেটাতে থাকেন। তাঁর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে তাঁরা পালিয়ে যান। এ সময় এলাকাবাসী তাঁকে আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
চারিগ্রাম ইউপির চেয়ারম্যান শেখ সাজেদুল আলম স্বাধীন বলেন, ওই তরুণদের বিরুদ্ধে এর আগেও মাদক সেবনের অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে ওই তরুণদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও কথা বলা সম্ভব হয়নি।
সিঙ্গাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দুজ্জামান বলেন, গতকাল রাত আটটা পর্যন্ত এ ব্যাপারে থানায় কেউ লিখিত অভিযোগ দেননি। অভিযোগ পেলে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।