সিঙ্গাইরে মাদ্রাসায় অফিস সহকারী নিয়োগে অনিয়ম?
মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলার ইসলামিয়া আলিম মাদ্রাসায় অফিস সহকারী নিয়োগে অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় মাদ্রাসা পরিচালনা পর্ষদ ও নিয়োগ কমিটির কয়েকজন সদস্য জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন।
লিখিত অভিযোগ ও মাদ্রাসা কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, গত সোমবার ইসলামিয়া আলিম মাদ্রাসায় অফিস সহকারী পদে নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে পাঁচজন প্রার্থী পরীক্ষায় অংশ নেন। তাঁদের মধ্যে ওবায়দুর রহমানকে নিয়োগ দেওয়া হয়। ওবায়দুর শিক্ষাগত যোগ্যতার পাশাপাশি কম্পিউটার ব্যবহারে দক্ষতার সনদ জমা দেন। তিনি যে সনদ জমা দেন, তাতে গত বছরের ১ জুলাই থেকে ৩১ ডিসেম্বর কম্পিউটার প্রশিক্ষণ নেওয়ার সময় উল্লেখ করা হয়। এ সময় ওবায়দুর সৌদি আরবে ছিলেন। এসব অভিযোগের বিষয়ে গত বুধবার জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযোগ দেন মাদ্রাসার নিয়োগ কমিটির সদস্য ফরিদ উদ্দিন শিকদার ও আবুল কালাম আযাদ এবং পরিচালনা পর্ষদের সদস্য ফারুক হোসেন।
গতকাল বৃহস্পতিবার মুঠোফোনে যোগাযোগ করা হলে ফারুক হোসেন বলেন, লিখিত পরীক্ষার আগে ওবায়দুরকে প্রশ্নপত্র জানিয়ে বেশি নম্বর পেতে সহাযোগিতা করেন মাদ্রাসার প্রিন্সিপাল আলী আহম্মদ ও পরিচালনা পর্ষদের সভাপতি মোহাম্মদ আলী। এ ছাড়া নিয়োগপ্রাপ্ত ওই প্রার্থীর কম্পিউটার সনদটিও ভুয়া। পাঁচ লাখ টাকা উৎকোচ নিয়ে ওই প্রার্থীকে নিয়োগ দেওয়া হয়। মোহাম্মদ আলীর মুঠোফোনে কল দিয়ে তা বন্ধ পাওয়া গেছে। প্রিন্সিপাল আলী আহম্মদ বলেন, এসব অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন। নিয়মতান্ত্রিকভাবেই ওই প্রার্থীকে নিয়োগ দেওয়া হয়েছে।
জেলা প্রশাসক রাশিদা ফেরদৌস বলেন, অভিযোগ পেলে তদন্ত করে যথাযথ পদক্ষেপ নেওয়া হবে।