সিঙ্গাইরে শিশুকে ধর্ষণের অভিযোগ
মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলায় সাত বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গত শুক্রবার রাতে শিশুটির বাবা থানায় মামলা করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রের ভাষ্যমতে, কয়েক দিন আগে শিশুটি মায়ের সঙ্গে নানার বাড়িতে যায়। গত শুক্রবার দুপুরে নানার বাড়িতে অন্য শিশুদের সঙ্গে খেলছিল সে। এ সময় চাচাতো নানা আনোয়ার হোসেন (৪৫) শিশুটিকে ডেকে তাঁর বাড়িতে নিয়ে যান। এরপর ঘরের ভেতর নিয়ে ধর্ষণ করেন। পরে শিশুটি বাড়িতে গিয়ে এ ঘটনা জানালে আনোয়ার বাড়ি থেকে পালিয়ে যান।
এ ঘটনায় শুক্রবার রাতে মেয়েটির বাবা আনোয়ারের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা করেছেন। গতকাল শনিবার জেলা হাসপাতালে মেয়েটির স্বাস্থ্য (ডাক্তারি) পরীক্ষা করা হয়েছে।
সিঙ্গাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার ইমাম হোসেন বলেন, ‘প্রাথমিকভাবে মনে হচ্ছে মেয়েটিকে ধর্ষণের চেষ্টা করা হয়েছে। মেয়েটির বাবা অভিযোগ করায় ধর্ষণের মামলা নেওয়া হয়েছে। স্বাস্থ্য পরীক্ষার ফলাফলের পর পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’ তিনি বলেন, আসামি পলাতক। তাঁকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।