সিঙ্গাইরে সাবেক ইউপি সদস্যের লাশ উদ্ধার
মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলার সিঙ্গাইর ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক সদস্য ফরহাদ আলী দেওয়ানের (৬০) লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সোমবার সকালে গোবিন্দল গ্রামে বাড়ির অদূরে তাঁর লাশ পড়ে থাকতে দেখেন প্রতিবেশীরা।
ফরহাদ আলী সিঙ্গাইর ইউপির ৪ নম্বর ওয়ার্ডের সদস্য ছিলেন। তিনি সদ্যসমাপ্ত ইউপি নির্বাচনে সদস্যপদে প্রতিদ্বন্দ্বিতা করে হেরে যান।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, গত রোববার রাতে বাড়ির পাশের মসজিদে তারাবির নামাজ পড়ে ফরহাদ বাড়ি ফেরেন। রাত ১০টার দিকে তিনি আবার বাড়ি থেকে বের হন। এরপর তিনি আর ফেরেননি। গতকাল সকাল সাতটার দিকে বাড়ির অদূরে রাস্তায় তাঁর লাশ পড়ে থাকতে দেখেন প্রতিবেশীরা। খবর পেয়ে সকাল নয়টার দিকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ।
সিঙ্গাইর থানার উপপরিদর্শক (এসআই) মনোয়ার হোসেন বলেন, নিহত ফরহাদের নাকের নিচে সামান্য আঘাতের চিহ্ন রয়েছে। তবে তিনি কীভাবে মারা গেছেন, তা ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে। থানার ওসি সৈয়দুজ্জামান বলেন, এ ঘটনায় অপমৃত্যুর মামলা করা হয়েছে।