সিঙ্গাইরে হত্যাকাণ্ড বাড়ছে
মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলায় সম্প্রতি হত্যার ঘটনা বেড়ে গেছে। গত ছয় মাসে এ উপজেলায় নয়টি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে।
নিহতদের স্বজনদের অভিযোগ, হত্যাকাণ্ডের ঘটনায় মামলা হচ্ছে। তবে হত্যার রহস্য উদ্ঘাটনে তেমন কোনো অগ্রগতি নেই। আসামি গ্রেপ্তারেও পুলিশ গড়িমসি করছে। এ কারণে এলাকায় হত্যাকাণ্ড কমছে না।
জেলা পুলিশ প্রশাসন সূত্রে জানা গেছে, সিঙ্গাইর রাজধানী ঢাকার খুব কাছে। এ কারণে এখানে অপরাধ বেশি হয়। ২০১২ সালের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত সিঙ্গাইর থানায় ১০টি হত্যা ও দুটি ডাকাতির মামলা হয়েছে। ২০১৩ সালে ১৩টি হত্যা ও একটি ডাকাতির মামলা হয়েছে। চলতি বছরের ৯ নভেম্বর পর্যন্ত ১৪টি হত্যা ও একটি ডাকাতির মামলা হয়। এর মধ্যে কেবল জুন মাস থেকে ৯ নভেম্বর পর্যন্ত ছয় মাসে উপজেলায় নয়টি হত্যা ও একটি ডাকাতির মামলা হয়েছে। তবে বাস্তবে হত্যাকাণ্ডের ঘটনা আরও বেশি হবে বলে জানিয়েছেন স্থানীয় লোকজন।
পুলিশ ও নিহতদের পারিবারিক সূত্রে জানা যায়, গত ৩ জুন রাতে জমিসংক্রান্ত বিরোধের জের ধরে উপজেলার বাইমাইল গ্রামে আরশেদ আলী (৪৫) নামের এক ব্যক্তিকে প্রতিপক্ষের লোকজন ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে। গত ১১ জুলাই উপজেলার দাশেরহাটি গ্রামের গৃহবধূ মুনিরা আক্তারকে (১৯) হত্যা করা হয়। তাঁর স্বামী দেলোয়ার হোসেন তাঁকে শ্বাসরোধে হত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
নিখোঁজের দুই দিন পর গত ১৭ সেপ্টেম্বর উপজেলার বাস্তা গ্রামের একটি সেপটিক ট্যাংক থেকে জহিরুল ইসলাম (২২) নামের এক তরুণের ছয় টুকরো লাশ উদ্ধার করে পুলিশ। তিনি উপজেলার খাসের চর গ্রামের খোকন মিয়ার ছেলে। এ ঘটনায় খোকন মিয়া আটজনকে আসামি করে সিঙ্গাইর থানায় হত্যা মামলা দায়ের করেন। নিহতের মামা শাহিন মিয়া অভিযোগ করেন, ঘটনার পর দুই মাস পেরিয়ে গেলেও পুলিশ প্রধান আসামি সুলতান হোসেনকে গ্রেপ্তার করতে পারেনি। তবে মামলার তদন্ত কর্মকর্তা সিঙ্গাইর থানার উপপরিদর্শক (এসআই) জিয়া উদ্দিন বলেন, এজাহারভুক্ত দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। প্রধান আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
গত ১ অক্টোবর সিঙ্গাইর পৌর এলাকার গোলড়া গ্রামে আম্বিয়া বেগম (৭৫) নামের এক বৃদ্ধার গলাকাটা লাশ উদ্ধার করে পুলিশ। তিনি ওই গ্রামের মৃত হাকিম উদ্দিনের স্ত্রী। স্বজনদের অভিযোগ, জমিসংক্রান্ত বিরোধের জের ধরে ওই বৃদ্ধার পালক ছেলে নিজাম উদ্দিন তাঁকে করে হত্যা করেন। গত ১৪ অক্টোবর উপজেলার বৈন্যা গ্রাম থেকে চাঁদনী সরকার (১৪) নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করে পুলিশ। পরিবারের অভিযোগ, স্বামী মন্টু দাস চাঁদনীকে শ্বাসরোধে হত্যা করেন।
গত ১৯ অক্টোবর উপজেলার নীলটেক গ্রামে নেশার টাকা না পেয়ে বাবা মাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেন মাদকাসক্ত এক ছেলে। পরে পালানোর সময় তিনিও পুলিশের গুলি আর পিটুনিতে মারা যান। নিহত ব্যক্তিরা হলেন মহিউদ্দিন প্রামাণিক (৬৫), তাঁর স্ত্রী সুফিয়া বেগম (৫৫) এবং তাঁদের ছেলে সাইদুর রহমান প্রামাণিক (৩৫)।
৯ নভেম্বর উপজেলার জামালপুর গ্রাম থেকে মনোয়ারা বেগম (৬৫) নামের এক নারী ইউপি সদস্যের লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় নিহতের বড় ছেলে মফিদুল ইসলাম ওই দিনই চারজনকে আসামি করে হত্যা মামলা করেন। মফিদুল ইসলাম জানান, পুলিশ তদন্ত করে আজও হত্যার রহস্য বের করতে পারেনি।
সিঙ্গাইর থানার ওসি মো. সৈয়দুজ্জামান দাবি করেন, এসব খুন বা হত্যাকাণ্ডের অধিকাংশ ঘটনা পারিবারিক সহিংসতার কারণে ঘটছে। সিঙ্গাইর উপজেলার জনসংখ্যার তুলনায় পুলিশের লোকবল সীমিত। এর পরেও আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে পুলিশ দিনরাত কাজ করে যাচ্ছে।