সিঙ্গাইরে ১৩ কোটি টাকার কাজ বাগিয়ে নিল আ.লীগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানিকগঞ্জের সিঙ্গাইর পৌরসভার প্রায় ১৩ কোটি টাকার কাজ বাগিয়ে নিয়েছে টিআই-এসবি নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। স্থানীয় আওয়ামী লীগ নেতা-কর্মীদের কারণে অন্য প্রতিষ্ঠান দরপত্র জমা দিতে পারেনি।
সমঝোতার ভিত্তিতে কোনো একটি ঠিকাদারি প্রতিষ্ঠানকে কাজ পেতে সহায়তা করতে গত এক সপ্তাহে উপজেলা আওয়ামী লীগের নেতারা কয়েক দফা বৈঠক করেন। পরে টিআই-এসবিকে কাজ পেতে সহায়তার সিদ্ধান্ত নেন। এ কারণে নয়টি দরপত্র বিক্রি হলেও জমা পড়ে মাত্র চারটি। তা-ও আবার দুটি দরপত্র জমা দেওয়া হয় প্রয়োজনীয় কাগজপত্র ছাড়া।
টিআই-এসবির মালিক শহীদুল হক ও তাইজুল ইসলাম নামের দুই ব্যবসায়ী। তাঁরা যৌথভাবে ব্যবসা করেন। স্থানীয় সাংসদের ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত ইব্রাহিম নামের এক ব্যক্তি ওই প্রতিষ্ঠানের হয়ে দেনদরবার করেন।
সিঙ্গাইর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল মাজেদ খান বলেন, তিনি ঠিকাদারদের নিয়ে বসে সমঝোতা করেছেন। তাই সবগুলো দরপত্র জমা দিতে দেওয়া হয়নি।
সিঙ্গাইর পৌরসভা সূত্র জানায়, বাংলাদেশ সরকার, এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) ও জার্মান সরকারের সহায়তা সংস্থা কেএফডব্লিউর অর্থায়নে সিঙ্গাইর পৌরসভায় একটি ড্রেন ও সাতটি পাকা সড়ক পুনর্নির্মাণ কাজের প্রকল্প হাতে নেওয়া হয়। এসব কাজ বাস্তবায়নের জন্য গত বছরের ১৮ ডিসেম্বর পৌরসভার পক্ষ থেকে দরপত্র আহ্বান করা হয়। দরপত্র কেনার শেষ দিন গত মঙ্গলবার পর্যন্ত ছয়টি ঠিকাদারি প্রতিষ্ঠান সিঙ্গাইর পৌরসভা থেকে দরপত্র কেনে। মেসার্স নিয়াজ ট্রেডার্স ও টিআই-এসবিসহ তিনটি ঠিকাদারি প্রতিষ্ঠান দরপত্র সংগ্রহ করে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের প্রধান কার্যালয় থেকে। কিন্তু দরপত্র জমা পড়ে মাত্র চারটি। এর মধ্যে দুটি দরপত্র ছিল অসমাপ্ত।
সিঙ্গাইর পৌরসভার সহকারী প্রকৌশলী মিজানুর রহমান বলেন, নিয়াজ ট্রেডার্স, টিআই-এসবি, মল্লিক এন্টারপ্রাইজ ও অ্যাপেক্স এন্টারপ্রাইজ নামের চারটি প্রতিষ্ঠান দরপত্র জমা দেয়। এর মধ্যে মল্লিক ও অ্যাপেক্স এন্টারপ্রাইজ দরপত্রের সঙ্গে নিরাপত্তা জামানত আর প্রয়োজনীয় কাগজপত্র জমা দেয়নি। ফলে প্রাথমিক বাছাইয়ে প্রতিষ্ঠান দুটির দরপত্র বাতিল বলে বিবেচিত হয়। অপর দুই প্রতিষ্ঠানের মধ্যে নিয়াজ ট্রেডার্স দর দিয়েছে ১২ কোটি ৮৮ লাখ ১২ হাজার ৫৮৪ টাকা আর টিআই-এসবি দিয়েছে ১২ কোটি ৭১ লাখ ৯৪ হাজার ১১৯ টাকা। ত্রুটি না থাকলে সর্বনিম্ন দরদাতা হিসেবে টিআই-এসবি কাজ পাওয়ার কথা।
সরেজমিনে দেখা যায়, দরপত্র জমা দেওয়ার দিনে গত বুধবার সকাল থেকেই পৌরসভার ভেতরে পর্যাপ্তসংখ্যক পুলিশ অবস্থান েনয়। আর স্থানীয় আওয়ামী লীগসহ সহযোগী সংগঠনের নেতারা অবস্থান নেন পৌরসভার পাশে একটি বাড়িতে। আশপাশের গলিতে অবস্থান নিয়ে জটলা পাকান কর্মীরা। এ কারণে সিদ্ধান্তের বাইরে কোনো ঠিকাদার দরপত্র জমা দিতে পারেননি।
সাবেক গণপূর্তমন্ত্রী ও আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আবদুল মান্নান খানের আত্মীয় আবদুস সালাম খানের ঠিকাদারি প্রতিষ্ঠান পদ্মা কনস্ট্রাকশনের পক্ষে দরপত্র কিনেছিলেন সিঙ্গাইরের যুবলীগ কর্মী খালেদ রেজা। কিন্তু তিনি দরপত্র জমা দিতে পারেননি। তিনি অভিযোগ করেন, স্থানীয় আওয়ামী লীগ নেতাদের সিদ্ধান্তের কারণে তাঁকে দরপত্র জমা দিতে দেওয়া হয়নি।
পৌর মেয়র খোরশেদ আলম ভূঁইয়া বলেন, ‘বাইরে সমঝোতা হয়েছে কি না, আমার জানা নেই। তবে পৌরসভার ভেতরের পরিবেশ শান্ত ছিল। নিয়ম অনুযায়ী দরপত্র গ্রহণ করে তা বাছাই করা হয়েছে।’