সিঙ্গাইরে 'বন্দুকযুদ্ধ' গুলিবিদ্ধ 'ডাকাত'
মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলার সুদক্ষীরা এলাকায় গত মঙ্গলবার রাতে ডাকাত ও পুলিশের মধ্যে ‘বন্দুকযুদ্ধ’ হয়েছে। এ ঘটনায় গুলিবিদ্ধ হয়ে এক ডাকাত গ্রেপ্তার হয়েছে। এ সময় ডাকাতের ছোড়া হাতবোমায় আহত হয়েছেন পাঁচ পুলিশ সদস্য।
গতকাল বুধবার দুপুরে পুলিশ সুপার মাহফুজুর রহমান নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এসব তথ্য জানান। তিনি বলেন, ঘটনাস্থল থেকে একটি আগ্নেয়াস্ত্র, চারটি হাতবোমাসহ ধারালো অস্ত্র উদ্ধার করেছে পুলিশ।
আহত পুলিশ সদস্যরা হলেন সিঙ্গাইর থানার উপপরিদর্শক (এসআই) কাজী সালেহ আহম্মেদ, এসআই ওহিদুল ইসলাম, সহকারী উপপরিদর্শক (এএসআই) রাজীব হোসেন, কনস্টেবল মো. আকরাম ও মাসুদ রানা। তাঁদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
সংবাদ সম্মেলন ও পুলিশের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, সিঙ্গাইরের ধল্লা ইউনিয়নের সুদক্ষীরা এলাকায় ১৫-১৬ জন সশস্ত্র ডাকাত অবস্থান করছে—এমন খবর পেয়ে মঙ্গলবার রাত একটার দিকে সিঙ্গাইর থানা-পুলিশের একটি দল সেখানে যায়। এ সময় ডাকাতেরা আকস্মিক পুলিশের ওপর হামলা চালায় এবং চার-পাঁচটি হাতবোমার বিস্ফোরণ ঘটায় ও গুলি ছোড়ে। এতে পাঁচ পুলিশ সদস্য আহত হন। এ সময় পুলিশও পাল্টা ছয়টি গুলি ছোড়ে। পরে গুলিবিদ্ধ অবস্থায় জসিম মোল্লা (৩৮) নামের এক ডাকাতকে গ্রেপ্তার করা হলেও অন্যরা পালিয়ে যায়। জসিমের কাছে একটি এলজি (শাটার গান) ও তিনটি গুলি পাওয়া গেছে।