সিঙ্গাপুরপ্রবাসীর স্ত্রীকে কুপিয়ে হত্যা
কুমিল্লার দেবীদ্বার পৌরসভার পূর্বাশা আবাসিক এলাকার একটি বাসা থেকে সানজিদা আক্তার লিপি (৩৮) নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার বিকেল চারটায় পাঁচতলা ভবনের তৃতীয় তলা থেকে লাশটি উদ্ধার করা হয়। হাত-পা বাঁধা ও ক্ষতবিক্ষত অবস্থায় পাওয়া যায় লাশটি।
সানজিদা দুই সন্তানকে নিয়ে ওই বাসায় ভাড়া থাকতেন। তাঁর বাড়ি উপজেলার সুবিল ইউনিয়নের বুড়িরপাড় গ্রামে। তিনি ওই গ্রামের সিঙ্গাপুরপ্রবাসী আক্তার হোসেনের স্ত্রী।
সানজিদার বোন লিমা আক্তার (২৫) বলেন, তিনি ও তাঁর বোন সানজিদা একই এলাকায় ভাড়া বাসায় থাকেন। সোমবার সানজিদার ছেলে দেবীদ্বার উপজেলা পরিষদ স্কুলের পঞ্চম শ্রেণির ছাত্র নিলয় হোসেন ও মেয়ে একই স্কুলের তৃতীয় শ্রেণির ছাত্রী নিপা আক্তার স্কুল ছুটির পর বাসায় যায়। দরজায় তালা মারা দেখে তারা লিমার বাসায় আসে। পরে লিমার ছোট বোন নিশার কাতারপ্রবাসী স্বামী সিহাব উদ্দিন মুঠোফোনে লিমাকে জানান, সকালে মুঠোফোনে তিনি সানজিদার সঙ্গে কথা বলছিলেন। এ সময় সিহাব কান্নার শব্দ পান। কিন্তু কথা বলার একপর্যায়ে সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এ তথ্য জানিয়ে সিহাব লিমাকে সানজিদার বাসায় গিয়ে খোঁজ নিতে বলেন। লিমা ওই বাসায় গিয়ে দেখেন তালাবদ্ধ দরজায় রক্তের ছোপ। পরে বাড়ির মালিক সাইদুর রহমান ও প্রতিবেশীদের সহায়তায় তালা ভেঙে ভেতরে প্রবেশ করে তাঁরা দেখতে পান খাটে রক্তাক্ত অবস্থায় সানজিদার মরদেহ পড়ে রয়েছে। দুই পা গামছা দিয়ে ও দুই হাতের কবজি রশি দিয়ে এবং দুই হাতের কনুই লুঙ্গি ছিঁড়ে বেঁধে রাখা হয়েছে। শরীরের বিভিন্ন স্থানে রক্তের ছোপ। এরপর পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ এসে লাশ উদ্ধার করে।
গতকাল সন্ধ্যায় দেবীদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান বলেন, এটি একটি নৃশংস হত্যাকাণ্ড। সুরতহাল প্রতিবেদনে লাশের বুকে, পেটের দুই পাশে এবং শরীরের পেছনেসহ চারটি ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। লাশটি ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। এ হত্যাকাণ্ডের বিষয়ে আগাম কোনো মন্তব্য করা যাচ্ছে না।
ওই বাড়ির মালিক সাইদুর রহমান জানান, সানজিদার স্বামী ১৬ বছর ধরে সিঙ্গাপুরে রয়েছেন। সানজিদা দুই সন্তান নিয়ে চার বছর ধরে তাঁর বাসায় ভাড়া ছিলেন। গত বছর তাঁর স্বামী দেশে এসেছিলেন। তখন ছয় মাসের মতো দেশে থেকে তিনি আবার চলে যান।