সিঙ্গাপুরে বাংলাদেশির রহস্যজনক মৃত্যু
রাজশাহীর বাগমারা উপজেলার খন্দকার মোহাম্মদ শহীদ (২২) নামের এক যুবকের সিঙ্গাপুরে রহস্যজনক মৃত্যু হয়েছে। তাঁর মৃত্যু নিয়ে দুই রকমের তথ্য পাওয়ায় পরিবারের সদস্যরা এটি মৃত্যু নাকি হত্যাকাণ্ড, এ বিষয়ে সন্দেহ প্রকাশ করেছেন।
শহীদের পরিবার দ্রুত লাশ দেশে ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন।
মারা যাওয়া মোহাম্মদ শহীদ উপজেলার ভবানীগঞ্জ পৌরসভার হাজড়াপাড়া গ্রামের শামসুল হকের ছেলে। তিনি সিঙ্গাপুরে লিম ওয়েন কনস্ট্রাকশন প্রাইভেট লিমিটেড নামের একটি নির্মাণ প্রতিষ্ঠানে শ্রমিক হিসেবে কাজ করতেন।
গতকাল মঙ্গলবার দুপুরে শহীদের বাড়িতে গিয়ে কান্নার রোল দেখা যায়। ছেলের ছবি বুকে নিয়ে কাঁদছেন মা সখিনা বেগম। তিনি কাঁদতে কাঁদতে বলেন, টাকার জন্য ছেলেকে বিদেশে পাঠিয়ে এখন সব শেষ তাঁদের।
শহীদের বাবা শামসুল হক বলেন, জমিজমা বিক্রি করে ভাগ্য বদলের আশায় গত বছরের ১৫ এপ্রিল ছেলে শহীদকে সিঙ্গাপুরে পাঠান। সেখানে ভবন নির্মাণকারী একটি প্রতিষ্ঠানে তিনি শ্রমিক হিসেবে কাজ করতেন। বাড়ির লোকজনের সঙ্গে তাঁর নিয়মিত যোগাযোগ হতো। গত রোববার রাতে শহীদের এক বন্ধু ফোন করে ছেলের মৃত্যুর খবর জানান। শহীদ ভবন থেকে পড়ে মরে গেছেন বলে জানান ওই বন্ধু। তবে এর কিছুক্ষণ পর আবারও ফোন করেন ওই বন্ধু। এবার গলায় ফাঁস দিয়ে শহীদ আত্মহত্যা করেছেন বলে জানানো হয়।
শামসুল হক অভিযোগ করেন, তাঁর ছেলের আত্মহত্যা করার মতো কোনো কারণ তিনি দেখছেন না। মৃত্যুর আগের দিনও ছেলের সঙ্গে মুঠোফোনে পরিবারের সদস্যদের কথা হয়েছে। সপ্তাহ খানেকের মধ্যে বাড়িতে এক লাখ টাকা পাঠানোর কথা জানিয়েছিলেন। তখন বলেছিলেন, এক বন্ধুকে এক লাখ টাকা ধার দিয়ে রেখেছেন। ওটা পেলে পাঠাবেন। তিনি সন্দেহ প্রকাশ করেন, পাওনা টাকা নিয়ে বন্ধুর সঙ্গে বিরোধেই খুন হয়ে থাকতে পারেন শহীদ। তিনি দ্রুত শহীদের লাশ দেশে আনার দাবি জানিয়েছেন। এ জন্য ব্যবস্থা নিতে দূতাবাসের প্রতি আহ্বান জানান তিনি।
স্থানীয় ভবানীগঞ্জ পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জিল্লুর রহমান জানান, অভাবের তাড়নায় জমিজমা বিক্রি করে ছেলেকে বিদেশ পাঠিয়েছিল পরিবারটি। আটতলা ভবন থেকে পড়ে শহীদের মৃত্যুর খবর প্রথমে পেলেও পরে শুনেছেন গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। ছেলেটির মৃত্যু নিয়ে তাঁদেরও সন্দেহ হচ্ছে।
সিঙ্গাপুরের একই প্রতিষ্ঠানে কর্মরত বাংলাদেশের চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গার জহির খান মুঠোফোনে জানান, শহীদ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। তবে বন্ধুর কাছ থেকে টাকা পাওয়ার বিষয়ে বা মৃত্যুর কারণ হিসেবে ভবন থেকে পড়ে যাওয়া কিংবা আত্মহত্যার বিষয়ে আর কোনো কথা বলতে সম্মত হননি তিনি।