
জঙ্গি কাজে অর্থায়নের জন্য ছয় বাংলাদেশির বিরুদ্ধে অভিযোগ এনেছে সিঙ্গাপুরের পুলিশ। গতকাল শুক্রবার তাঁদের ওই দেশের আদালতে হাজির করা হয়। এর আগেই জঙ্গি কাজে যুক্ত থাকার অভিযোগে তাঁদের গ্রেপ্তার করা হয়।
এই ছয় বাংলাদেশি হলেন মিজানুর রহমান (৩১), লিয়াকত আলী মামুন (২৯), রুবেল মিয়া (২৬), দৌলতুজ্জামান (৩৪), মো. জাবেদ কায়সার হাজি নুরুল ইসলাম সওদাগর (৩০) ও ইসমাইল হাওলাদার সোহেল (২৯)। এঁদের মধ্যে লিয়াকত আলী মামুন বাদে অন্যরা আদালতে দোষ স্বীকার করেছেন। এর মধ্য দিয়ে দেশটির সন্ত্রাসবিরোধী আইনে এই প্রথমবারের মতো ছয় বাংলাদেশি বিচারের মুখোমুখি হচ্ছেন।
তাঁদের মধ্যে রুবেল ও জাবেদের বিরুদ্ধে একই আইনের অন্য একটি ধারায় অভিযোগ আনা হবে।
এই ছয় বাংলাদেশির বিষয়ে জানতে যোগাযোগ করা হলে সিঙ্গাপুরে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মাহবুব উজ জামান গতকাল সন্ধ্যায় মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘অভ্যন্তরীণ নিরাপত্তা আইনে (ইন্টারনাল সিকিউরিটি অ্যাক্ট বা আইএএসএ) এই ছয়জনের বিচার চলছে। তদন্তাধীন বিষয়টি নিয়ে এ মুহূর্তে আমরা আর কোনো কথা বলতে চাই না।’ আটক ওই বাংলাদেশিদের ঠিকানাসহ বিস্তারিত জানতে চাইলে তিনি বলেন, ‘এ ব্যাপারে আমরা এ মুহূর্তে কিছু বলতে চাই না। তবে বাংলাদেশ কোনোভাবেই জঙ্গিবাদ সমর্থন করে না। এ ব্যাপারে সিঙ্গাপুরকে সহযোগিতা করছে বাংলাদেশ।’
সিঙ্গাপুরের ইংরেজি দৈনিক ট্রেইটস টাইমসের অনলাইনে লিখেছে, গতকাল শুক্রবার দুপুরে কড়া পাহারার মধ্যে আর্মার্ড ট্রাকে করে ওই ছয়জনকে আলাদা গাড়িতে আদালতে নিয়ে যাওয়া হয়। তাঁদের বিরুদ্ধে সন্ত্রাসে অর্থায়ন ও সহযোগিতার অভিযোগ এনেছে সিঙ্গাপুরের পুলিশ। এঁদের মধ্যে মামুন বাদে বাকি পাঁচজনই অভিযোগ স্বীকার করেছে। মামুনের বিষয়ে ৯ জুন আবার আদালত বসবে বলে জানা গেছে।
সিঙ্গাপুরের সংবাদমাধ্যমের খবরে বলা হচ্ছে, এই বাংলাদেশিরা নিজেদের ‘ইসলামিক স্টেট ইন বাংলাদেশ (আইএসবি)’ নামে এক গোপন সংগঠনের সদস্য বলে দাবি করেছেন। তাঁরা পুলিশকে বলেছেন, দেশে ফিরে সন্ত্রাসী হামলা চালানোরও পরিকল্পনা করছিলেন।
গত এপ্রিলে জঙ্গি সন্দেহে অভিযুক্ত ছয়জনসহ সোহাগ ইব্রাহিম (২৭) ও শরিফুল ইসলামকে (২৭) আটক করা হয়। তবে এই দুজনের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়নি।
সিঙ্গাপুরের স্বরাষ্ট্র মন্ত্রণালয় ৩ মে এক বিজ্ঞপ্তিতে জানায়, আটক আট ব্যক্তিই একটি গোপন দলের সদস্য। এ দলের শীর্ষ ব্যক্তি ৩১ বছর বয়সী নির্মাণশ্রমিক মিজানুর রহমান। তিনি গত মার্চে ইসলামিক স্টেট ইন বাংলাদেশ (আইএসবি) নামে সিঙ্গাপুরে একটি গোপন সংগঠন প্রতিষ্ঠা করেন এবং বাকি সাতজনকে দলে নেন। তাঁরা সবাই নির্মাণশিল্পের ও নৌশিল্পের ‘ওয়ার্ক পারমিটধারী’ শ্রমিক।
সিঙ্গাপুরের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়, আটক ব্যক্তিদের কাছ থেকে ‘আক্রমণের লক্ষ্যবস্তু’ হিসেবে বাংলাদেশের কিছু সরকারি ও সামরিক কর্মকর্তার নামের তালিকা, অস্ত্র ব্যবহার ও বোমা তৈরির পদ্ধতিসংক্রান্ত দলিলপত্র এবং জঙ্গি বইপত্র পাওয়া গেছে। তাঁরা সিরিয়া ও ইরাকে সক্রিয় আন্তর্জাতিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটে (আইএস) যোগ দিতে চান। কিন্তু মধ্যপ্রাচ্যে যাওয়া কঠিন বলেই তাঁরা বাংলাদেশে ফিরে গিয়ে সহিংস উপায়ে সরকার উৎখাতের মাধ্যমে একটি ইসলামি রাষ্ট্র প্রতিষ্ঠা করে দেশটিকে আইএসের স্বঘোষিত খিলাফতের অধীনে নেওয়ার চেষ্টার ওপর গুরুত্ব দেন।
এই আটজনের সঙ্গে আরও পাঁচজনকে আটক করে ঢাকায় পাঠানো হয়েছিল। তাঁরা হলেন মিজানুর রহমান ওরফে গালিব হাসান চৌধুরী (৩৮), মো. রানা মিয়া ওরফে পাইলট (২৯), আলমগীর হোসেন (৩১), তানজিমুল ইসলাম (২৪) ও মাসুদ রানা ওরফে সন্টু খান (৩১)। এঁরা ২০০৭ থেকে ২০১১ সাল পর্যন্ত বিভিন্ন সময় কাজের অনুমতি নিয়ে সিঙ্গাপুরে যান। তাঁদের বিরুদ্ধে ঢাকার রামপুরা থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা করে পুলিশ। পরে তাঁদের আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ডের আবেদন করা হয়।
রিমান্ড শেষে তাঁদের কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের গোয়েন্দা বিভাগের উপকমিশনার মাশরুফুর রহমান। তিনি গতকাল সন্ধ্যায় বলেন, এঁরা নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের মতাদর্শের অনুসারী। প্রয়োজনে তাঁদের আবার রিমান্ডে নেওয়া হবে।
এর আগে উগ্র মতাদর্শে দীক্ষিত হওয়া বা জঙ্গি-সংশ্লিষ্টতার অভিযোগে সিঙ্গাপুর সরকার ২৭ বাংলাদেশিকে আটক করে। তাঁদের গত বছর নভেম্বর ও ডিসেম্বরে কয়েক দফায় দেশে ফেরত পাঠানো হয়। এই ২৭ জনের মধ্যে ১৪ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা হয়। তাঁরা এখন কারাগারে আছেন। তবে বাকি ১৩ জনের বিরুদ্ধে বাংলাদেশি আইনে অপরাধের প্রমাণ না পাওয়ায় তাঁদের ছেড়ে দেওয়া হয়েছে।
প্রবাসী বাংলাদেশিরা বলছেন, সিঙ্গাপুরে জঙ্গি সন্দেহে এখন পর্যন্ত ৪০ জন বাংলাদেশি আটকের ঘটনায় উৎকণ্ঠায় আছেন সেখানকার প্রবাসী বাংলাদেশিরা। তাঁরা বলছেন, শ্রমিকদের আবাসস্থলে নজরদারি বাড়ানো হয়েছে। বিষয়টি নিয়ে ভাবমূর্তির সংকটে আছেন প্রবাসী বাংলাদেশিরা। সমস্যা সমাধানে দূতাবাসসহ সবাইকে একত্রে কাজ করার পরামর্শ দিয়েছেন প্রবাসীরা।