সিঙ্গাপুর-ফেরত ১৪ বাংলাদেশি রিমান্ডে
জঙ্গি সন্দেহে সিঙ্গাপুর থেকে ফেরত পাঠানো ১৪ বাংলাদেশিকে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ। পরে পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে গতকাল মঙ্গলবার আদালত তাঁদের চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। গত সোমবার রাতে রাজধানীর উত্তরা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয় বলে নথিপত্রে উল্লেখ করেছে পুলিশ।
তবে কর্মকর্তারা জানিয়েছেন, গত এক সপ্তাহে জঙ্গিবাদের সঙ্গে জড়িত সন্দেহে ২৫ জন বাংলাদেশিকে দেশে ফেরত পাঠায় সিঙ্গাপুর কর্তৃপক্ষ। ফেরত পাঠানো হলে বিমানবন্দর থেকেই এঁদের আটকের পর জিজ্ঞাসাবাদ করেন বিভিন্ন গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা। জিজ্ঞাসাবাদে কর্মকর্তাদের কাছে মনে হয় এঁদের কয়েকজন ঘটনার শিকার। আর বাকি ১৪ জনকে গ্রেপ্তার দেখিয়ে উত্তরা পূর্ব থানায় মামলা করা হয়। এই ১৪ জন হলেন টাঙ্গাইলের আমিনুর (৩১), আবদুল আলিম (৩৩) ও শাহ আলম (২৮); কুমিল্লার গোলাম জিলানী (২৬), নুরুল আমিন (২৬) ও মাহমুদুল হাসান (৩০); ব্রাহ্মণবাড়িয়ার জাফর ইকবাল (২৭); ঝিনাইদহের আকরাম হোসেন (২৭); চুয়াডাঙ্গার আবদুল আলী (৪০); পাবনার আশরাফ আলী (২৭); ঢাকার সাইফুল ইসলাম (৩৬); কুড়িগ্রামের আলম মাহবুব (৩৪); চাঁপাইনবাবগঞ্জের ডলার পারভেজ (৩৫) ও মুন্সিগঞ্জের মোহাম্মদ জসিম (৩৩)।
গতকাল মামলার তদন্ত কর্মকর্তা ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগের (ডিবি) পরিদর্শক মোস্তফা আনোয়ার ১৪ জনকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ডের আবেদন করেন। ঢাকার মহানগর হাকিম আমিনুল হক তাঁদের প্রত্যেকের চার দিনের রিমান্ড মঞ্জুরের আদেশ দেন।
রিমান্ড আবেদনে ডিবি উল্লেখ করে, এই ১৪ জন বাংলাদেশি সিঙ্গাপুরে কাজ করতেন। সেখানেই তাঁদের নিজেদের মধ্যে পরিচয় হয়। সেখানে তাঁরা জঙ্গি কার্যক্রমে জড়িয়ে পড়েন সন্দেহে সিঙ্গাপুর পুলিশ তাঁদের আটক করে দেশে ফেরত পাঠায়। দেশে এসেও তাঁরা আবার সংগঠিত হয়ে জঙ্গি কার্যক্রম শুরু করেন। সোমবার উত্তরা পূর্ব থানাধীন আবদুল্লাহপুর বাসস্ট্যান্ডের পাশে খন্দকার ফিলিং স্টেশনের কাছ থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
সোমবার রাতে ওই ১৪ জনকে গ্রেপ্তার দেখিয়ে ডিবির পরিদর্শক আনোয়ার হোসেন বাদী হয়ে উত্তরা পূর্ব থানায় মামলা করেন। এজাহারে উল্লেখ করা হয়, আসামিরা সিঙ্গাপুরের মোস্তফা মার্টের কাছে অ্যাঙ্গোলিয়া মসজিদে জড়ো হয়ে বাংলাদেশে জঙ্গি কার্যক্রম পরিচালনার জন্য সদস্য ও অর্থ সংগ্রহসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করতেন। ওই মসজিদে প্রতি রোববার সন্ধ্যায় তাঁরা একত্র হয়ে জিহাদি বক্তব্য, বয়ান ও জিহাদি ভিডিও দেখতেন। সিঙ্গাপুর পুলিশের কাছে এই জঙ্গি কার্যক্রমের বিষয়টি প্রকাশ পাওয়ার পর তাঁদের আটক করে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়।
মামলার তদন্ত কর্মকর্তা মোস্তফা আনোয়ার প্রথম আলোকে বলেন, ‘সাম্প্রতিক সময়ে সিঙ্গাপুর পুলিশ জঙ্গি সন্দেহে তাঁদের আটক করে পাঠিয়ে দেয় বলে জানতে পেরেছি। তাঁদের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করলে আরও বিস্তারিত জানা যাবে।’