রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শেরেবাংলা ফজলুল হক হলে সিট নিয়ে দ্বন্দ্বে এক সমর্থক শিক্ষার্থীকে মারধর করেছেন বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের এক নেতা। গতকাল শনিবার দুপুরে এ ঘটনা ঘটে।
মারধরের শিকার ছাত্রলীগ-সমর্থক আসলাম হোসেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী।
প্রত্যক্ষদর্শী ও হলের শিক্ষার্থীরা জানান, সম্প্রতি হলের ২১৪ নম্বর কক্ষের একটি সিটে এক শিক্ষার্থীকে তোলেন বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম। পাশের ২১৬ নম্বর কক্ষে বসবাসকারী আসলাম হোসেন ২১৪ নম্বর কক্ষে মুজাহিদুলের তোলা শিক্ষার্থীকে সিটটি ছেড়ে দিতে বলেন। এ নিয়ে গতকাল বেলা দুইটার দিকে মুজাহিদুল ও আসলামের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে আসলামকে কয়েকটি চড়-থাপড় মারেন মুজাহিদুল।
আসলাম হোসেন বলেন, ‘ওই সিটে আমার পরিচিত এক শিক্ষার্থীকে তুলে দেওয়ার জন্য অনেক আগে থেকেই হলে বলে রেখেছিলাম। কিন্তু মুজাহিদুল জোর করে অন্য এক শিক্ষার্থীকে তুলে দিয়েছে।’
মুজাহিদুল ইসলাম বলেন, ‘বিষয়টি সমাধান হয়ে গেছে। তাই এটি নিয়ে আর কোনো কথা বলতে চাইছি না।’