রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সৈয়দ আমীর আলী হলে সিট দখল নিয়ে গভীর রাতে ছাত্রলীগের দুই পক্ষ মারামারিতে তিনজন আহত হয়েছেন। গতকাল শনিবার রাত দুইটার দিকে ঘটনাটি ঘটে। আহতদের মধ্যে হল শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সৈকত হুসাইনও রয়েছেন।
আহত অন্য দুজন হলেন হল শাখা সংগঠনের কর্মী ও বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী হাসিবুল আলম এবং অর্থনীতি বিভাগের মাসুদ রানা। এর মধ্যে হাসিবুল ও মাসুদকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে এবং সৈকতকে রাজশাহী বিশ্ববিদ্যালয় চিকিৎসাকেন্দ্রে চিকিৎসা দেওয়া হয়েছে।
হল সূত্রে জানা যায়, হলের ২০৫ নম্বর কক্ষে থাকতেন হাসিবুল। তাঁকে ওই কক্ষে তুলেছিলেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের বহিষ্কৃত সাংগঠনিক সম্পাদক শামসুজ্জামান ইমন। সম্প্রতি ইমনকে না জানিয়ে হাসিবুল ২০৫ নম্বর কক্ষ থেকে ২১৩ নম্বর কক্ষে চলে যান। এতে সহযোগিতা করেন হল সৈকত। এতে ক্ষিপ্ত হয়ে ইমন হল শাখা ছাত্রলীগের সভাপতি নাজমুল ইসলামসহ ছাত্রলীগের কয়েকজন নেতা-কর্মীকে নিয়ে হাসিবুলকে মারধর করেন। এই ঘটনা নিয়ে সৈকত ও নাজমুলের সমর্থক নেতা-কর্মীদের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়। পরে রাত দুইটার দিকে নাজমুল ও ইমনের নেতৃত্বে কয়েকজন নেতা-কর্মী সৈকত ও মাসুদকে মারধর করেন। এ সময় লাঠি দিয়ে মারধর ছাড়াও ফুলের টব ছুড়লে তা মাসুদের মাথায় গিয়ে লাগলে তিনি গুরুতর আহত হন।
সৈকত হুসাইনের অভিযোগ, ‘হল সভাপতি তাঁর অনুসারী নেতা-কর্মীদের নিয়ে কোনো কারণ ছাড়াই আমাকে এবং আমার দুই কর্মীকে মারধর করেছেন।’
এ বিষয়ে জানতে চাইলে ইমন বলেন, ‘ঘটনার সময় আমি হল গেটে পুলিশের সঙ্গে ছিলাম। হলের সভাপতি নাজমুল সাধারণ সম্পাদকসহ তাঁর অনুসারী নেতা-কর্মীদের মারধর করেছে বলে শুনেছি। এর বেশি কিছু আমি জানি না।’
অন্যদিকে নাজমুল ইসলাম বলেন, ‘হাসিবের কক্ষ পরিবর্তন করায় একটু উত্তেজনা দেখা দিয়েছিল। তবে কাউকে মারধরের ঘটনায় আমরা জড়িত নই।’
সৈয়দ আমীর আলী হলের প্রাধ্যক্ষ অধ্যাপক মোস্তাফিজুর রহমান বলেন, ‘রাত সাড়ে ১২টার পর খবর পেয়ে হলে এসে দুই পক্ষকে শান্ত করি। আহতদের উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। এখন হলের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।’
নগরের মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ূন কবির বলেন, ঘটনার পর থেকে হলের সামনে প্রয়োজনীয় পুলিশ মোতায়েন রয়েছে। পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে।