রাজধানীর দিলকুশায় সরকারি জমির ওপর ‘সানমুন স্টার টাওয়ার’ নির্মাণে অনিয়মের জন্য সিটি করপোরেশনের কর্মকর্তাদেরই দায়ী করেছে ঘটনাটি পুনঃ তদন্তে গঠিত কমিটি। এই কমিটি প্রতিবেদনে বলেছে, আগের তদন্ত কমিটির দায়ী করা ১৫ জন কর্মকর্তার মধ্যে যে দুজন নিজেদের নির্দোষ দাবি করেছেন, পুনঃ তদন্তে তাঁদের বিরুদ্ধে আনা অভিযোগ সত্য প্রমাণিত হয়েছে।
সংশ্লিষ্ট সূত্র বলেছে, পুনঃ তদন্ত প্রতিবেদন পাওয়ার পর স্থানীয় সরকার বিভাগ দায়ী কর্মকর্তাদের বিরুদ্ধে চাকরি বিধিমালা অনুযায়ী প্রয়োজনীয় শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার সুপারিশ করে সিটি করপোরেশনকে চিঠি দেওয়ার প্রস্তুতি নিচ্ছে। যে দুজনের আবেদনের পরিপ্রেক্ষিতে পুনঃ তদন্ত হয়, তাঁরা হলেন যথাক্রমে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী সৈয়দ কুদরত উল্লাহ ও নুরুল আমিন।
প্রথম তদন্ত কমিটির প্রতিবেদনে এ দুজন ছাড়া তৎকালীন ঢাকা সিটি করপোরেশনের (ডিসিসি) অপর যে ১৩ জনকে দায়ী করা হয় তাঁরা হলেন তৎকালীন প্রধান নির্বাহী কর্মকর্তা নুরুল হক, প্রধান প্রকৌশলী মো. আবদুল কাদির, সচিব সামসুজ্জামান, তত্ত্বাবধায়ক প্রকৌশলী ও প্রকল্প পরিচালক মো. সেহাব উল্লাহ, সহকারী প্রকৌশলী মফিজুর রহমান খান ও আবুল কালাম আজাদ, আইন কর্মকর্তা এম এস করিম, সহকারী সচিব জুনায়েদ আমিন, নির্বাহী প্রকৌশলী মনসুর আহমেদ, উপসহকারী প্রকৌশলী আমিনুর রহমান চৌধুরী ও হারুন-অর রশীদ, নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ শহিদ উল্লাহ ও তত্ত্বাবধায়ক প্রকৌশলী ফারুখ আজিজ।
অভিযোগ রয়েছে, দিলকুশা বাণিজ্যিক এলাকায় ৩০ তলা ‘সানমুন স্টার টাওয়ার’ নির্মাণে আইন, বিধি ও নীতিমালা মানা হয়নি। ভবনটি ডেভেলপার প্রতিষ্ঠান এম আর ট্রেডিংয়ের দখলে ছিল। বর্তমানে ভবনটি ভাঙা হচ্ছে। এম আর ট্রেডিংয়ের স্বত্বাধিকারী মিজানুর রহমান কারাগারে আটক রয়েছেন।
সংশ্লিষ্ট সূত্র বলেছে, দিলকুশায় বিসিআইসি ভবনের সামনে ও বঙ্গভবনের সীমানাপ্রাচীরের উত্তরে ৩৭ নম্বর প্লটে চার বিঘা জমির ওপর আধুনিক পার্কিং ও বহুতল বাণিজ্যিক ভবন নির্মাণের সিদ্ধান্ত হয় ২০০৩ সালের ৫ এপ্রিল। সিদ্ধান্ত ছিল, তৎকালীন ঢাকা সিটি করপোরেশনের অর্থায়ন ছাড়াই বেসরকারি সংস্থার মাধ্যমে সরকারি-বেসরকারি অংশীদারত্বে (পিপিআর) এটি নির্মাণ করা হবে। কিন্তু এ সিদ্ধান্ত অমান্যসহ ভবনটি নির্মাণে নানা অনিয়ম করা হয়েছে।
গত বছর বঙ্গভবনের এক চিঠির পরিপ্রেক্ষিতে স্থানীয় সরকার বিভাগের যুগ্ম সচিব (তদারকি ও মূল্যায়ন) আবুল কাসেমকে প্রধান করে একটি তদন্ত কমিটি করা হয়। কমিটি গত বছরের ১৮ জুন প্রতিবেদন দেয়। প্রতিবেদনে ১৮টি অনিয়ম তুলে ধরে এ জন্য তৎকালীন ডিসিসির ১১ জন প্রকৌশলীসহ ১৫ জন কর্মকর্তাকে দায়ী করা হয়। কমিটি তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুপারিশ করে। তবে তাঁদের বেশির ভাগের বিরুদ্ধে কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়নি। তাঁদের মধ্যে আটজনের পরবর্তী সময়ে পদোন্নতি হয়েছে। কেউ কেউ অবসরে চলে গেছেন।
পরে সৈয়দ কুদরত উল্লাহ ও নুরুল আমিনের নির্দোষ দাবির পরিপ্রেক্ষিতে পুনঃ তদন্তের জন্য স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব সিরাজুল ইসলামকে প্রধান করে তিন সদস্যের কমিটি গঠন করা হয়।
সংশ্লিষ্ট সূত্র বলেছে, এই কমিটি গত সপ্তাহে স্থানীয় সরকার বিভাগে তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে। প্রতিবেদনের বিষয়ে জানতে চাইলে স্থানীয় সরকার সচিব আবদুল মালেক বলেন, তিনি এখনো প্রতিবেদনটি দেখেননি। হাতে পেলে সে অনুযায়ী ব্যবস্থা নেবেন।
স্থানীয় সরকার মন্ত্রণালয়ের একাধিক কর্মকর্তা বলেন, বঙ্গভবনের কাছাকাছি হওয়ায় ভবনটি নির্মাণের জন্য প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ছাড়পত্র নেওয়ার প্রয়োজন ছিল। তা নেওয়া হয়নি। এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ স্থাপনা (কেপিআই) নীতিমালা লঙ্ঘিত হয়েছে। গত ২০ ফেব্রুয়ারি রাষ্ট্রপতির কার্যালয়ে বঙ্গভবনের নিরাপত্তা-সংক্রান্ত সভায় বিষয়টি নিয়ে আলোচনার পর এ বিষয়ে তদন্ত করার সিদ্ধান্ত হয়।
পুনঃ তদন্ত কমিটি তাদের পর্যালোচনায় বলেছে, সৈয়দ কুদরত উল্লাহ প্রথম থেকেই এ নির্মাণ-সংক্রান্ত কার্যক্রমে কর্মরত ছিলেন। তিনি জমি হস্তান্তর ও দখল, বিভিন্ন দপ্তরের অনুমতি, অনুমতি ব্যতীত ভবন নির্মাণের উদ্যোগ গ্রহণ, বেসরকারি প্রতিষ্ঠানের পরিবর্তে নিজস্ব অর্থায়নে মোট পাঁচটি ফ্লোর নির্মাণ, আর্থিক, প্রশাসনিক ও কারিগরি অনুমতি দেন ও বিল পরিশোধ করেন। তিনি চতুর্থ তলা থেকে ২৩ তলা পর্যন্ত ডেভেলপারের মাধ্যমে নির্মাণসহ দরপত্র আহ্বান করেন ও বিল পরিশোধ করেন। এ ছাড়া তিনি চতুর্থ থেকে ২৩ তলা পর্যন্ত ডেভেলপারের মাধ্যমে নির্মাণসহ দরপত্র আহ্বান কর্মকাণ্ডে তত্ত্বাবধায়ক প্রকৌশলী হিসেবে দায়িত্ব পালন করেন। পিপিআর অনুযায়ী ক্রয় পরিকল্পনা না করা, মূল ড্রয়িং অনুমোদনের আগেই ঠিকাদারকে কার্যাদেশ দেওয়া, ডিজাইন অনুমোদন করা, টু স্টেজ পদ্ধতি, দরপত্র এড়িয়ে যাওয়াসহ অনেক বিষয় তাঁর দায়িত্বকালে হয়েছে। এ ছাড়া তত্ত্বাবধায়ক প্রকৌশলী হিসেবে প্রকল্প পরিচালকের মূল দায়িত্ব পালন করায় অভিযোগ থেকে তাঁর সংশ্লিষ্টতা এড়ানোর সুযোগ নেই।
একইভাবে নুরুল আমিন তৎকালীন নির্বাহী প্রকৌশলী হিসেবে দায়িত্ব পালনকালে প্রথম পর্যায়ের বিল পরিশোধ ও দ্বিতীয় পর্যায়ে আর্থিক, প্রশাসনিক ও কারিগরি অনুমোদনক্রমে নির্মিত বেসমেন্টসহ মোট পাঁচটি ফ্লোরের নির্মাণকাজে সংশ্লিষ্ট ছিলেন। ফলে এ সময়কালে অনিয়মের দায়ভার তাঁর এড়ানোর সুযোগ নেই। ২০০৯ সালের ১১ নভেম্বর এম আর ট্রেডিংয়ের সঙ্গে ডিসিসির তৎকালীন প্রধান নির্বাহী কর্মকর্তা নুরুল হক চুক্তি স্বাক্ষর করেন।
প্রথম তদন্ত কমিটির প্রতিবেদনে বলা হয়েছে, এমআর ট্রেডিংয়ের সঙ্গে সিটি করপোরেশনের ওই কর্মকর্তাদের করা চুক্তি আইনের পরিপন্থী।
পুনঃ তদন্ত প্রতিবেদনের বিষয়ে জানতে চাইলে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকন বলেন, ‘আমাদের কাছে এখনো প্রতিবেদন আসেনি। প্রতিবেদন পেলে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে। এ ছাড়া দুদকে এঁদের বিরুদ্ধে মামলা রয়েছে।’ সানমুন স্টার টাওয়ারের বিষয়ে তিনি বলেন, ‘একটি নিরাপত্তা সংস্থা আমাদের ভবন ভাঙার কাজ অব্যাহত রাখতে বলেছে।’
এমআর ট্রেডিংয়ের স্বত্বাধিকারী মিজানুর রহমান আটক থাকায় তাঁর বক্তব্য পাওয়া যায়নি।