সিটি করপোরেশনের কর্মচারীর গলিত লাশ উদ্ধার
রাজধানীর খিলগাঁওয়ের এক বাসা থেকে গতকাল শুক্রবার পারভীন আক্তার (৪৫) নামের এক নারীর গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের কর্মচারী ছিলেন বলে পুলিশ জানায়।
পুলিশ জানায়, গতকাল বেলা তিনটার দিকে তিলপাপাড়ার একটি বাড়ির দোতলার বাসা থেকে পারভীনের লাশ উদ্ধার করা হয়। লাশের মুখে আঘাতের চিহ্ন আছে। প্রাথমিক তদন্তে জানা গেছে, তাঁকে হত্যা করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।
খিলগাঁও থানার ওসি মোস্তাফিজ ভূঁইয়া বলেন, দীর্ঘদিন ধরে তিলপাপাড়ার ওই বাসায় একাই থাকতেন পারভীন। সনিয়া নামের তাঁর এক মেয়ে ভাটারায় থাকেন। সনিয়ার ভাষ্যমতে, ১৫ অক্টোবর থেকে তাঁর মায়ের মুঠোফোন নম্বর বন্ধ পাওয়া যাচ্ছিল। সনিয়া পরদিন বাসায় গিয়ে দেখেন, বাইরে থেকে তালা দেওয়া। পরে এ ঘটনায় সনিয়া খিলগাঁও থানায় নিখোঁজের বিষয়ে সাধারণ ডায়েরি (জিডি) করেন। গতকাল বেলা পৌনে তিনটার দিকে সনিয়া আবারও ওই বাসায় যান। পরে বাড়িওয়ালার সাহায্যে তালা ভেঙে দেখেন, বিছানায় পারভীনের গলিত লাশ পড়ে আছে। পরে পুলিশে খবর দেওয়া হয়।
ওসি বলেন, পারভীনের তিনটি বিয়ে হয়েছে। তৃতীয় স্বামী সাব্বিরের সঙ্গে তাঁর বনিবনা হচ্ছিল না। পারিবারিক ঝামেলার জেরে সাব্বিরের বিরুদ্ধে তিনি মামলাও করেছিলেন।