সিটি করপোরেশনের নাম ভাঙিয়ে চাঁদাবাজি
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের নাম ভাঙিয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সিদ্ধিরগঞ্জের শিমরাইলে প্রতিদিন কয়েক লাখ টাকা চাঁদা আদায় করা হচ্ছে। মেসার্স ব্যাপারী ট্রেডার্স নামে একটি প্রতিষ্ঠান এ চাঁদাবাজি করছে বলে অভিযোগ পাওয়া গেছে।
চাঁদাবাজি বন্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নিতে সিটি করপোরেশন গত ১৫ ডিসেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব, স্থানীয় সরকার বিভাগের সচিব, নারায়ণগঞ্জের জেলা প্রশাসক, জেলা পুলিশ সুপার, র্যাব-১১ ব্যাটালিয়নের অধিনায়ক, জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) ওসি ও সিদ্ধিরগঞ্জ থানার ওসিকে চিঠি দিয়েছে। ব্যাপারী ট্রেডার্সের কর্ণধার আবদুস সামাদ ব্যাপারী জাতীয় শ্রমিক লীগ সিদ্ধিরগঞ্জ আঞ্চলিক কমিটির সভাপতি।
জানতে চাইলে আবদুস সামাদ ব্যাপারী গতকাল রোববার রাতে মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘আমি টোল তুলছি না। তবে আমার নামে কেউ তুলছে কি না, তা আমি সরেজমিনে গিয়ে খোঁজখবর নেব।’
ভুক্তভোগী পরিবহনশ্রমিক ও এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা যায়, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে শিমরাইল মোড় থেকে আদমজী ইপিজেড-নারায়ণগঞ্জ শহরগামী সড়কে বাস, ম্যাক্সি ও দুরন্ত চলাচল করে। এসব যানবাহনের স্ট্যান্ড রয়েছে শিমরাইল মোড়ে। শুধু এ স্ট্যান্ডটি সিটি করপোরেশন ২০১৪-২০১৫ অর্থবছরে টোল আদায়ের জন্য ব্যাপারী ট্রেডার্সকে ইজারা দিয়েছিল। তবে হাইকোর্টের নিষেধাজ্ঞা থাকায় সিটি করপোরেশন চলতি অর্থবছরে (২০১৫-১৬) এ স্ট্যান্ডের ইজারা বাতিল করে দেয়। তবে ব্যাপারী ট্রেডার্স টোল আদায়ের নামে এখন চাঁদাবাজি করেছে। শুধু এ সড়ক থেকেই নয়, যাত্রাবাড়ী থেকে কাঁচপুর সেতুমুখী যানবাহন থেকেও চাঁদা আদায় করা হচ্ছে। প্রাইভেট কার, মাইক্রোবাস, মোটরসাইকেল ছাড়া অন্য সব ধরনের যানবাহন থেকে চাঁদা আদায় করা হচ্ছে রসিদ দিয়ে। প্রতিটি যানবাহন থেকে ৫০ টাকা করে চাঁদা আদায় করা হচ্ছে। প্রতিদিন গড়ে তিন হাজার যানবাহন থেকে চাঁদা তোলা হচ্ছে।
শিমরাইল মোড়ে সিলেট, চট্টগ্রামমুখী বিভিন্ন পরিবহন কাউন্টার থেকে প্রতিদিন ১০০ টাকা করে চাঁদা আদায় করা হয়। ৫০টি পরিবহন কাউন্টার থেকে দিনে পাঁচ হাজার টাকা চাঁদা ওঠে। শিমরাইল মোড়ে রেন্ট-এ কার স্ট্যান্ড থেকে প্রতিদিন পাঁচ হাজার টাকা চাঁদা তোলা হচ্ছে। আদমজী ইপিজেডের কারখানাগুলো ছাড়াও নারায়ণগঞ্জ-আদমজী-ডেমরা সড়কে অবস্থিত বিভিন্ন গার্মেন্টস কারখানার শ্রমিকদের পরিবহনে ব্যবহৃত বাস থেকেও চাঁদা তোলা হচ্ছে। ব্যাটারিচালিত রিকশা, সিএনজিচালিত অটোরিকশা, লেগুনা থেকে চাঁদা তোলা হচ্ছে। প্রতিটি যানবাহন থেকে দিনে একবার চাঁদা নেওয়া হয়। এভাবে বিভিন্ন যানবাহন থেকে প্রতিদিন দুই লক্ষাধিক টাকা চাঁদা তোলা হচ্ছে।
১৫ জানুয়ারি সরেজমিনে দেখা যায়, ব্যস্ততম মহাসড়কে যানবাহন থামিয়ে কখনো রসিদ দিয়ে, আবার কখনো রসিদ ছাড়া চাঁদা আদায় করা হচ্ছে। চার-পাঁচজনের কয়েকটি দল বিভিন্ন ধরনের পরিবহন থেকে চাঁদা তুলছে। মুহূর্তের মধ্যেই এসব হাতবদল হয়ে যাচ্ছে। চাঁদাবাজির সঙ্গে যুক্ত লোকজন মহাসড়কে বিভিন্ন যানবাহনে ছিনতাই, ডাকাতি, মাদক ব্যবসাসহ নানা অপরাধে জড়িত বলে অভিযোগ রয়েছে।
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোস্তফা কামাল মজুমদার বলেন, গত বছরের জুলাই মাস থেকে শিমরাইল মোড়ে কোনো স্ট্যান্ড কাউকে ইজারা দেওয়া হয়নি। তাই সিটি করপোরেশনের নাম দিয়ে টোল আদায় করা অবৈধ ও বেআইনি।
সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি মুজিবর রহমান বলেন, ‘আমার জানামতে, ইজারা নিয়ে টোল আদায় করা হচ্ছে।’
সিদ্ধিরগঞ্জ থানায় পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম বলেন, ‘এ বিষয়ে আমি জানি না। আর সিটি করপোরেশনের লিখিত সম্পর্কে বলতে হলে ফাইল ঘেঁটে দেখতে হবে।’