সিটি করপোরেশনের কর্মকর্তা সেজে কোটি টাকার যন্ত্র চুরি, আটক ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিটি করপোরেশনের কর্মকর্তা সেজে হুইস মেশিন (মাটি টেনে আনার যন্ত্র) চুরি করেছিলেন দুই ব্যক্তি। ট্রাক ভাড়া করে ভাঙারির দোকানে যন্ত্রটি বিক্রি জন্যও নিয়ে গিয়েছিলেন। কিন্তু তার আগেই ধরা পড়ে যান তাঁরা। গতকাল শুক্রবার সকাল ১০টায় কোটি টাকার এই যন্ত্রসহ তাঁদের আটক করে সিটি করপোরেশনের নিরাপত্তা বাহিনী।
আটক দুই ব্যক্তি হলেন চট্টগ্রামের বোয়ালখালীর সৈয়দপুর এলাকার বাসিন্দা এস এম আয়াজ (৪৭) ও খাগড়াছড়ির মাটিরাঙার মো. রাশেদ।
সিটি করপোরেশন সূত্র জানায়, নগরের চকবাজারের ধুনিরপুল এলাকায় চাক্তাই খালের মাটি তোলার কাজ চলছিল। মাটি তোলার কাজে ব্যবহৃত হচ্ছিল এক কোটি টাকা দামের হুইস মেশিন। সাহ্রির সময় সিটি করপোরেশনের শ্রমিকদের কেউ ছিলেন না। এই সুযোগে আয়াজ ও রাশেদ যন্ত্রটি ট্রাকে করে সাগরিকা এলাকায় নিয়ে যান।
তবে বিক্রি হয়ে যাওয়ার আগেই সকালে ভাঙারির দোকানে এসে যন্ত্রটি উদ্ধার করেন সিটি করপোরেশনের নিরাপত্তা বাহিনীর সদস্যরা।
সিটি করপোরেশনের নির্বাহী প্রকৌশলী (যান্ত্রিক) সুদীপ বসাক বলেন, চাক্তাই খালের মাটি তোলার কাজে ব্যবহৃত যন্ত্রটি চুরি যাওয়ার পর সিটি করপোরেশনের লোকজন সেটির খোঁজে সম্ভাব্য এলাকায় তল্লাশি চালান। সকালে সাগরিকা এলাকার একটি ভাঙারি দোকানের সামনে সেটি পাওয়া যায়। ওই দুই ব্যক্তি নিজেদের সিটি করপোরেশনের কর্মকর্তা পরিচয় দিয়ে ট্রাক ভাড়া করেছিলেন। তাঁরা যন্ত্রটি বিক্রি করে দেওয়ার পরিকল্পনা করছিলেন। ওই দুজনকে আটক করে চকবাজার থানায় সোপর্দ করা হয়েছে।
করপোরেশনের যন্ত্র চুরির অভিযোগে দুজনকে আটক করার বিষয়টি নিশ্চিত করেছেন চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর নুরুল হুদা। তিনি জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে মামলা করার প্রস্তুতি চলছে।