সিটি ব্যাংকের ৪ কর্মকর্তাকে দুদকে জিজ্ঞাসাবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিভিন্ন ব্যাংক থেকে প্রায় এক হাজার কোটি টাকার ঋণ জালিয়াতির ঘটনা অনুসন্ধানে সিটি ব্যাংকের চার কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ বৃহস্পতিবার সকাল থেকে সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে তাঁদের জিজ্ঞাসাবাদ করছেন দুদকের উপপরিচালক মো. জুলফিকার আলীর নেতৃত্বে একটি দল।
যাঁদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, তাঁরা হলেন ব্যাংকটির এসএমই বিভাগের সাবেক প্রধান বদরুদ্দৌজা চৌধুরী, বিপণন বিভাগের সাবেক প্রধান সাদাত আহমেদ খান, ব্যবসা উন্নয়ন বিভাগের সাবেক ব্যবস্থাপক নুরুল আজম মজুমদার ও সাবেক রিলেশনস ম্যানেজার এম এম আশিক আল মেহেদী।
জানা যায়, ২০০৫ থেকে ২০১১ সালের মধ্যে চারটি ব্যাংক ও একটি আর্থিক প্রতিষ্ঠান থেকে নামে-বেনামে প্রায় এক হাজার কোটি টাকা ঋণ নেন ওয়াহিদুর রহমান নামের এক ব্যবসায়ী। পরে তিনি চিকিৎসার নামে সিঙ্গাপুর পালিয়ে যান বলে অভিযোগ পাওয়া যায়।
এ ছাড়া ব্যবসায়ী ওয়াহিদুর রহমান বেশির ভাগ ঋণ নিয়েছেন ভুয়া ও বেনামি প্রতিষ্ঠানের নামে। ব্যাংকের ঋণের নথিতে দেওয়া ঠিকানার কোনো অস্তিত্বই নেই বলে অনুসন্ধানে পাওয়া যায়।
বাংলাদেশ ব্যাংকের অনুসন্ধানে এসব তথ্য বেরিয়ে এলে দুদক তা আমলে নিয়ে অনুসন্ধান শুরু করে।