রাজধানীতে সিটিং সার্ভিস বন্ধ, নাকি চালু থাকবে—এ বিতর্কে বাস-মিনিবাসের বাড়তি ভাড়া আদায়ের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান থমকে গেছে। যেসব পরিবহনমালিক বাস-মিনিবাস চালানো বন্ধ করে পরিবহনসংকট সৃষ্টি করেছিলেন, তাঁদের বিরুদ্ধেও কোনো ব্যবস্থা নেয়নি সরকার। এরই মধ্যে গতকাল মঙ্গলবার সড়ক পরিবহন মন্ত্রণালয় বাস-মিনিবাসের সিটিং সার্ভিস চালু রাখার সময়সীমা আরও তিন মাস বৃদ্ধি করার সিদ্ধান্ত নিয়েছে।
গতকাল বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) পরিচালক শেখ মাহবুব-ই-রব্বানীর নেতৃত্বে সাত সদস্যের একটি কমিটি করেছে সড়ক পরিবহন মন্ত্রণালয়। সিটিং সার্ভিস থাকবে কি থাকবে না, সে বিষয়ে এই কমিটি তিন মাসের মধ্যে সুপারিশ জানাবে। কমিটিতে বিআরটিএর দুজন, পুলিশের একজন, একজন করে মালিক ও শ্রমিকনেতা এবং তিনজন সাংবাদিককে রাখা হয়েছে। তবে যাত্রী অধিকার নিয়ে কাজ করা সংগঠন বা ব্যক্তিদের এই কমিটিতে রাখা হয়নি।
সিটিং সার্ভিস অবৈধ আখ্যা দিয়ে গত ১৫ এপ্রিল থেকে তা বন্ধের ঘোষণা দেয় পরিবহনমালিকদের সংগঠন ঢাকা সড়ক পরিবহন সমিতি। ১৬ এপ্রিল থেকে এই সিদ্ধান্ত বাস্তবায়নে বিআরটিএ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে। এরপর ঢাকায় প্রায় ৪০ শতাংশ বাস-মিনিবাস চলাচল বন্ধ করে দেন মালিক-শ্রমিকেরা। টানা পাঁচ দিন ভ্রাম্যমাণ আদালতের অভিযান, বাস-মিনিবাস-সংকটে জনদুর্ভোগ এবং বাড়তি ভাড়া আদায়ে নৈরাজ্য সৃষ্টি হয়।
যাত্রী অধিকার নিয়ে কাজ করা সংগঠনগুলোর অভিযোগ, নিয়ন্ত্রক সংস্থা সড়ক পরিবহন মন্ত্রণালয় ও বিআরটিএ বরাবরই রাজনৈতিকভাবে প্রভাবশালী পরিবহনমালিকদের ভয়ে যেকোনো অভিযানে নেমে মাঝপথে থেমে যায়। এবারও একই অবস্থা হয়েছে।
যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘সিটিং সার্ভিস বন্ধ ও পুনরায় চালুর পাতানো খেলায় বাস-মিনিবাসের ভাড়া-নৈরাজ্য আরও বেড়েছে। আমরা বিআরটিএতে তথ্য-প্রমাণ দিয়েছি। যাত্রীদের দুর্ভোগও বেড়েছে। এটাও আমরা তাদের দেখিয়ে দেব। আমাদের মনে হয় সরকার মালিকদের ভয় পায়। নতুবা যাত্রীস্বার্থের বিষয় এলেই কেন সরকার আটকে যাবে?’
সিটিং সার্ভিস বন্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযানের সময় (১৬ থেকে ২০ এপ্রিল) সড়ক পরিবহন মন্ত্রণালয় ও বিআরটিএ পর্যাপ্ত বাস-মিনিবাস নামাতে পারেনি। আবার সরকার নির্ধারিত ভাড়াও নিশ্চিত করতে পারেনি। এই পরিস্থিতিতে ২০ এপ্রিল মালিক-শ্রমিকদের সঙ্গে বৈঠক করে সিটিং সার্ভিস বন্ধের অভিযান ১৫ দিনের জন্য স্থগিত করে বিআরটিএ। সে সময় সংস্থাটির চেয়ারম্যান মশিয়ার রহমান বলেছিলেন, সিটিং সার্ভিস চললেও সরকার নির্ধারিত ভাড়াই মেনে চলবেন মালিক-শ্রমিকেরা। এটা নিশ্চিত করার জন্য ভ্রাম্যমাণ আদালত পরিচালনা অব্যাহত থাকবে।
গতকাল সরেজমিনে দেখা গেছে, প্রেসক্লাব থেকে শাহবাগ পর্যন্ত হিমাচল পরিবহন, স্বাধীন এক্সপ্রেস, দিশারী পরিবহন, সময় নিয়ন্ত্রণ, শিকড় পরিবহনের বাস-মিনিবাসে ২৫ টাকা ভাড়া আদায় করা হচ্ছে। মনজিল, শতাব্দী, আল মক্কা, মালঞ্চ, বসুমতি ও রাইদা পরিবহনের বাস-মিনিবাসে এই পথে ভাড়া নেওয়া হচ্ছে ২০ টাকা। শুভেচ্ছা, ওয়েলকাম, তানজিল, গুলিস্তান-গাজীপুর পরিবহন ও মেশকাত পরিবহনে ১০ টাকা। লোকাল নামে চলা মিনিবাসে ৫ টাকা নিচ্ছে।
অথচ বিআরটিএর হিসাবে, এই পথের দূরত্ব ১ দশমিক ৯ কিলোমিটার। মিনিবাসে ভাড়া হওয়ার কথা সর্বনিম্ন ৫ টাকা এবং বড় বাসের ৭ টাকা।
বিআরটিএ সূত্র জানায়, বর্তমানে সংস্থাটির চারটি ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হচ্ছে। যানবাহনের প্রয়োজনীয় কাগজপত্র ও চালকের লাইসেন্স আছে কি না, অবৈধ বাম্পার-ক্যারিয়ার লাগানো হয়েছে কি না, এসব বিষয়ই দেখা হচ্ছে। গতকাল পর্যন্ত ইচ্ছাকৃতভাবে বাস-মিনিবাস বন্ধ রাখার দায়ে কোনো মালিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়নি। এমনকি কাউকে কারণ দর্শানোর চিঠিও দেওয়া হয়নি। এ ধরনের কোনো প্রক্রিয়াও চলমান নেই।
বিআরটিএর পরিচালক মাহবুব-ই-রব্বানী বলেন, তাঁর নেতৃত্বাধীন কমিটিকে তিন মাস সময় দেওয়া হয়েছে। এ সময় কমিটি সব বিষয় নিয়ে আলোচনা করবে। প্রয়োজন হলে আরও বিভিন্ন লোকের সঙ্গে কথা বলা হবে। এরপরই সুপারিশ দেবেন তাঁরা।
বিআরটিএর কর্মকর্তা ও পরিবহনমালিকদের সূত্র জানিয়েছে, ঢাকার প্রায় ৮০ শতাংশ পরিবহন কোম্পানির কর্তৃত্ব প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সরকারি দলের নেতাদের হাতে।
চিত্রনায়ক ও নিরাপদ সড়ক চাই সংগঠনের চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন গতকাল প্রথম আলোকে বলেন, সরকার আর মালিকেরা মিলেই সিদ্ধান্ত নেয়। এই সিদ্ধান্ত বাস্তবায়নও করে তারাই। মাঝখানে দুর্ভোগ হয় সাধারণ মানুষের। এখন এটাই যদি নিয়তি হয়, তাহলে আর কী করার। কেউ একজন উচ্চ আদালতে গিয়ে নালিশ জানাতে পারেন।