চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) প্রধান নিরাপত্তা কর্মকর্তার কার্যালয় ভাঙচুর ও নিরাপত্তাকর্মীকে মারধরের অভিযোগ উঠেছে ছাত্রলীগের নেতা-কর্মীদের বিরুদ্ধে। গতকাল মঙ্গলবার বিকেলে নগরের কোতোয়ালি মোড়ে সিডিএ ভবনে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রের ভাষ্যমতে, গতকাল বিকেলে বঙ্গবন্ধুর ছবি বিকৃতিকারীর গ্রেপ্তার ও বিচারের দাবিতে লালদীঘি ময়দানে সমাবেশের আয়োজন করে নাগরিক মঞ্চ। সমাবেশে যাওয়ার জন্য চট্টগ্রাম নগর শাখা ছাত্রলীগের সভাপতি ইমরান আহমেদের নেতৃত্বে নেতা-কর্মীরা সিডিএ ভবন চত্বরে জমায়েত হন। এ সময় সিডিএর নিরাপত্তাকর্মী মো. মাহফুজ নেতা-কর্মীদের চত্বরের বাইরে অবস্থান নিতে অনুরোধ করেন। এতে ক্ষিপ্ত হয়ে ছাত্রলীগের নেতা-কর্মীরা তাঁকে মারধর শুরু করেন। একপর্যায়ে টেনেহিঁচড়ে তাঁকে ভবনের তিনতলায় অবস্থিত প্রধান নিরাপত্তা কর্মকর্তার কার্যালয়ে নিয়ে যান। এ সময় তাঁকে তাৎক্ষণিকভাবে বরখাস্ত করতে প্রধান নিরাপত্তা কর্মকর্তা ফরিদ আহমেদের কাছে দাবি জানান। কিন্তু বরখাস্ত করার এখতিয়ার তাঁর নেই বলে জানান প্রধান নিরাপত্তা কর্মকর্তা। এরপরই তাঁর কার্যালয়ের টেবিল ও দরজা ভাঙচুর করেন ছাত্রলীগের নেতা-কর্মীরা। এ সময় ফরিদ আহমেদকেও লাঞ্ছিত করা হয়।
সিডিএর বোর্ড সদস্য হাসান মুরাদ প্রথম আলোকে বলেন, ছাত্রলীগের নগর সভাপতি ইমরান আহমেদের নেতৃত্বে নেতা-কর্মীরা লালদীঘি ময়দানে যাওয়ার জন্য সিডিএ চত্বরে জড়ো হন। কিন্তু তাঁদের সেখানে দাঁড়িয়ে না থাকতে অনুরোধ করেন নিরাপত্তাকর্মী মাহফুজ। কিন্তু এ নিয়ে বাগ্বিতণ্ডা হয় এবং মাহফুজকে মারধর করা হয়। পরে তাঁরা প্রধান নিরাপত্তার কার্যালয়ও ভাঙচুর করেন। তিনি বলেন, সিডিএ চেয়ারম্যান দেশের বাইরে আছেন। তিনি এলে এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
ফোন না ধরায় এ ব্যাপারে নগর ছাত্রলীগের সভাপতি ইমরান আহমেদ ও সাধারণ সম্পাদক নুরুল আজিমের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।